হবিগঞ্জে সিরিজ বোমা মামলায় সাক্ষ্য গ্রহণ
হবিগঞ্জে সিরিজ বোমা বিস্ফোরণ মামলায় জেএমবি প্রধান সাইদুর রহমানসহ পাঁচ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়েছে।
সোমবার দুপুরে আসামিদের উপস্থিতিতে হবিগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মাহফুজা পারভিন এক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।
সাক্ষ্য দেন হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুরপাড় এলাকার তমা ক্লথ স্টোরের ম্যানেজার কৃষ্ণ দেব।
তিনি আদালতকে বলেন, “পুলিশ যখন মামলার আসামি জেএমবি প্রধান মাওলানা সাইদুর রহমানের ছেলে জেএমবির আইটি বিশেষজ্ঞ এএইচ এম শামীমের দোকান থেকে কম্পিউটার সিডি ক্যাসেট ও জেএমবির প্রচারপত্র জব্দ করে তখন তিনি ঘটনাস্থলে ছিলেন। তিনি এসব মালামাল জব্দ তালিকার একজন সাক্ষী।
মামলার পরবর্তী তারিখ আগামী ৯ অগাস্ট ধার্য করা হয়েছে।
২০০৫ সালের ১৭ অগাস্ট হবিগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়সহ পাঁচটি স্থানে একাধিক বোমা বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পাঁচটি মামলা দায়ের করে।
