নৌ প্রটোকলে তৃতীয় দেশে পণ্য পরিবহনের সুযোগ
ভারত বা বাংলাদেশের নৌপথ ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য পরিবহনের সুযোগ রেখে দুই দেশের নৌ ট্রানজিট প্রটোকল সংশোধনের প্রস্তাব সরকারের সম্মতি পেয়েছে।
সেই সঙ্গে এ প্রটোকলের মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড (পিআইডব্লিউটিটি)’ এর খসড়া সংশোধনের এই প্রস্তাব অনুমোদন করা হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “প্রটোকলের মেয়াদ ৩ বছর ছিল। সংশোধিত খসড়া অনুযায়ী মেয়াদ হবে পাঁচ বছর। পাঁচ বছর পর স্বয়ংক্রিয়ভাবে প্রটোকলের মেয়াদ বাড়বে, যদি দুই পক্ষের কোনো আপত্তি না থাকে।”
তিনি জানান, খসড়ায় বাংলাদেশ ও ভারতের নৌপথ ব্যবহার করে তৃতীয় দেশের সঙ্গে পণ্য পরিবহনের সুযোগ রাখা হয়েছে।
“পরবর্তীতে এটি আরও সুনির্দিষ্ট করা হবে, নেপাল বা ভুটানকে টার্গেট করা হয়েছে, যাতে এ সুবিধা দুই পক্ষের হয়। শর্ত রাখা হয়েছে, দুই পক্ষের আলোচনার ভিত্তিতে সময় সময় এটা আপডেট করা হবে।”
নজরুল ইসলাম জানান, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ৮ নম্বর ‘আর্টিকেল’ অনুযায়ী এই নৌ প্রটোকল স্বাক্ষরিত হয়। সর্বশেষ ২০১১ সালে এটি সংশোধন করা হয়। এর মেয়াদ শেষ হয় গত মার্চ মাসে।
“ইতোমধ্যে নতুনভাবে বাণিজ্য চুক্তি সম্পাদনের জন্য উভয় দেশ খসড়া চূড়ান্ত করেছে। প্রস্তাবিত বাণিজ্য চুক্তির ৮ নম্বর আর্টিকেলে কিছু মৌলিক পরিবর্তন ও আংশিক সংশোধনী আনা হয়েছে।”
গত ২০ এপ্রিল দিল্লিতে বাংলাদেশ ও ভারতের নৌ সচিব পর্যায়ে বৈঠকে উভয় দেশের প্রস্তাবিত সংশোধনীর বিষয়ে দুইপক্ষ একমত হয় বলে নজরুল ইসলাম জানান।
