সাভারে সার্ভেয়ারকে মারধর, আ. লীগ নেতার বিরুদ্ধে মামলা
সাভার উপজেলা ভূমি অফিসের এক সার্ভেয়ারকে মারধরের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার সন্ধ্যায় সার্ভেয়ার সাইফুল ইসলাম বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করেন।
সাভার মডেল থানার ওসি মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় সাভার পৌরসভার এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এরশাদসহ তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত নামা ৪০ জনকে আসামি করা হয়েছে।
সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সকালে দলবল নিয়ে আওয়ামী লীগ নেতা এরশাদুর রহমান ভূমি অফিসে গিয়ে হট্টগোল শুরু করে। এক পর্যায়ে সার্ভেয়ার সাইফুল ইসলামকে একা পেয়ে মারধর ও লাঞ্ছিত করে।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা এরশাদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলার তদন্তে সার্ভেয়ার সাইফুলের আসতে দেরি হওয়ায় তার হাত ধরে টান দিয়েছি, আর কিছু নয়। পরে শুনি আমার নামে মারধরের মামলা হইছে।”
