২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে পুলিশ হেফাজতে আসামির মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ি থানায় পুলিশের হেফাজতে এক আসামির মৃত্যু হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2015, 07:41 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

পুলিশের দাবি, ওই আসামি থানা হাজতে গলায় কম্বল পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

মৃত মো. আনিছুর রহমান (৩৫) কুড়িগ্রাম সদর উপজেলার কৃঞ্চপুর গাড়িয়াল পাড়া গ্রামের মোজাহার আলীর ছেলে ।

শনিবার দুপুরে ফুলবাড়ি থানা হাজতের ভেতরে আনিছুরের লাশ পায় পুলিশ।

ফুলবাড়ী থানার ওসি বজলুর রশিদ জানান, বৃহস্পতিবার গভীর রাতে ফুলবাড়ীর অনন্তপুর সীমান্তে অভিযান চালিয়ে গাজা ও একটি মোটর সাইকেলসহ আনিছুরকে আটক করে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শনিবার সকালে তাকে ফুলবাড়ি থানায় হস্তান্তরের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়।

“এরপর হাজতে নেওয়ার কিছুক্ষণ পর ভেতরে থাকা কম্বল ছিঁড়ে গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে আনিছুর।”

তাকে ফুলবাড়ী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে আনিছুরের স্বজনদের অভিযোগ, বিজিবি ও পুলিশ মিলে পরিকল্পিতভাবে পিটিয়ে আনিসুরকে হত্যা করেছে।

তারা জানান, শুক্রবার বিকালে বাসা থেকে বেড়িয়ে যাওয়ার পর আনিছুরের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।