২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্বোধন হলো ‘শেখ হাসিনা সেতু’

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার পাঁচ লক্ষ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার সেতু উদ্বোধন করলেন প্রধানমস্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেষ্ঠ্য প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2015, 03:56 PM

Updated : 12 Oct 2022, 03:41 PM

শনিবার বেলা ১টায় সদর উপজেলার সাহেবের ঘাট এলাকায় মহানন্দা নদীর উপর নির্মিত দ্বিতীয় এ সেতুটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনের পর ৫শ’ ৪৬ মিটার দীর্ঘ সেতুটি ঘুরে দেখেন তিনি।  

এই সেতু উদ্বোধনের মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জের মূল শহর থেকে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন সাতটি ইউনিয়ন সরাসরি ঢাকার সঙ্গে যোগাযোগের আওতায় এল। এ সাতটি উপজেলার ৮০ শতাংশ কৃষি জমিতেই আমের বাগান রয়েছে।

সেতুটি নির্মাণের দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আব্দুল মালেক সেতু উদ্বোধনের পরে সাংবাদিকদের বলেন, “চাঁপাইনবাবগঞ্জের সাতটি ইউনিয়ন মূল শহর থেকে বিচ্ছিন্ন ছিল। তাদের যাতায়াত, যোগাযোগ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রতিবন্ধকতা ছিল। এ সেতুটি চালু হওয়ার ফলে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে ইতোমধ্যেই অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে।”

“এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এ সেতুর নামকরণ করা হয়েছে শেখ হাসিনা সেতু।”

এতদিন বিচ্ছিন্ন থাকা এই এলাকাতেই পৈতৃক নিবাস রয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরীবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক তাসকেরা খাতুনের।

তিনি বলেন, “এতদিন বাড়ি যাওয়া-আসা করতে চরম ভোগান্তি পোহাতে হতো। এখন অনেক সহজে বাড়ি যাওয়া যাবে।”

উদ্বোধনের পরে তাকে ডেকে নিয়ে কথাও বলেন প্রধানমন্ত্রী।

সেতু উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী, ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেণ শিকদার, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ও সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন, প্রধানমন্ত্রীর প্রেসসচিব এ কে এম শামীম চৌধুরী ও উপ-প্রেসসচিব মামুন-অর-রশীদ।

এর আগে বেলা সোয়া ১২টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে চাঁপাইনবাবগঞ্জ যান প্রধানমন্ত্রী।

সেতু উদ্বোধনের পরে চাঁপাইনবাবগঞ্জের যুব প্রশিক্ষণ কেন্দ্র (যুব ভবন), বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উপকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির চক্ষু হাসপাতাল উদ্বোধন করেন তিনি।

এছাড়াও সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২০০ শয্যায় উন্নীতকরণসহ সড়ক ও বাঁধ নির্মাণের কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

পরে বিকেলে জেলা আওয়ামী লীগের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে মাঠে জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী।