২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মুক্তিযুদ্ধে কার কী ভূমিকা, বের করতে কমিটি হবে’

‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি’ করে মুক্তিযুদ্ধে কার কী ভূমিকা ছিল তা বের করা হবে বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2015, 12:08 AM

Updated : 22 Aug 2022, 12:17 PM

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশের ইতিহাস নিয়ে একটি ফেইসবুক পেইজ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মুক্তিযুদ্ধের ইতিহাসের অনেক কিছু উম্মোচিত হয়নি মন্তব্য করে মন্ত্রী বলেন, “যুদ্ধে গিয়েছিল অনেকেই। তবে শুধু দেশ স্বাধীন করতে নয়, সেখানেও মীরজাফরদের-খন্দকার মোশতাক আহমেদের কী ভূমিকা ছিল জাতি তা এখনো জানে না। মুক্তিযুদ্ধকে বাধাগ্রস্ত করতেও অনেক কৌশল তারা অবলম্বন করেছিল।

“১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুন করা হয়েছিল, প্রত্যক্ষ হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদের বিচার আমরা করেছি। তারা শুধু হুমুক তামিল করেছে। যে দূতাবাস সারা রাত খোলা ছিল, হত্যা নিশ্চিত হওয়ার পর যে দূতাবাস বন্ধ হয়েছে তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

“ইতিহাস কথা বলবেই। আমি যদি ক্ষমতায় থাকি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি দিয়ে চেষ্টা করবো, মুক্তিযুদ্ধে কার কী ভূমিকা ছিল তা প্রকাশ করার।”

অনুষ্ঠানে বাংলাদেশের ইতিহাস নিয়ে একটি ফেইসবুক পেইজের  (www.facebook.com/BanglaHistory) আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি প্রকৌশলী সৈয়দ মনোয়ার রেশাদ এটি তৈরি করেছেন। ১৯৩৭ সাল থেকে শুরু করে কীভাবে ধাপে ধাপে ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের জন্ম হয় তা তুলে ধরা হয়েছে এই পেইজে।

অনুষ্ঠানে মনোয়ার রেশাদ বলেন, “বাংলাদেশের মুক্তিযুদ্ধ এখনো ভারত-পাকিস্তান যুদ্ধ বলে প্রচার করা হচ্ছে।”

মন্ত্রী বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে পাকিস্তান-ভারতের যুদ্ধ বলা হলে তা হবে ইতিহাসের জঘন্যতম বিকৃতি। এটা তো হতে পারে না। ভারতের কাছে আমরা কৃতজ্ঞ তারা যদি সহায়তা না করতেন তাহলে ৯ মাসে দেশ স্বাধীন হতো না। তার অর্থ এই নই তারা দেশকে স্বাধীন করে দিয়েছে।” 

দেশপ্রেমিক হিসেবে বর্তমান তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা লালন করলেই তারা ‘বড় মুক্তিযোদ্ধা’ হিসেবে গণ্য হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (স্বাস্থ্য) ড. জুলফিকার আলী লেলিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।