গ্রেপ্তার উত্তর কোরীয় নারী রিমান্ডে
ঢাকায় মদ ও যৌন উত্তেজক ওষুধসহ গ্রেপ্তার উত্তর কোরীয় নারী রেগ সান হুয়াকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
শুক্রবার মহানগর হাকিম আদালতে হাজির করে তাকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ।
রিমান্ড আবেদন বাতিল ও আসামির জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা।
উভয়পক্ষের আবেদনের শুনানি শেষে বিচারক শামসুল আরেফিন তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে সংশ্লিষ্ট আদালত পুলিশের এসআই ফরিদ মিয়া জানান।
বৃহস্পতিবার রাতে বনানীর ২৭ নম্বর সড়কে পিয়ংইয়ং নামের একটি রেস্তোরাঁয় যৌথভাবে অভিযান চালায় শুল্ক ও গোয়েন্দা বিভাগ এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সেখান থেকে ৩০ বছর বয়সী রেগ সান হুয়াকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ৯৪ ক্যান বিয়ার, ১০ বোতল হুইস্কি ও ২১০টি উত্তেজক বড়ি।
গ্রেপ্তার ওই নারী নিজেকে রেস্তোরাঁর মালিক বলে দাবি করেছেন।
ঘটনার পর বনানী থানায় দায়ের হওয়া মামলাটি তদন্তের দায়িত্ব নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবির সহকারী কমিশনার মোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযানকালে ওই নারী মদ বা যৌন উত্তেজক ওষুধ বিক্রির কোনো বৈধ কাগজ এবং রেস্তোরাঁ পরিচালনার কোনো কাগজ দেখাতে পারেননি। এছাড়া তিনি নিজেকে উত্তর কোয়িরার পাসপোর্টধারী বলে দাবি করলেও তা দেখাতে পারেননি।
নাম প্রকাশ না করার শর্তে শুল্ক ও গোয়েন্দা বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, দীর্ঘ দিন ধরে উত্তর কোরীয় ওই নারী রেস্তোরাঁর আড়ালে অবৈধ ব্যবসা চালিয়ে আসছেন।
অভিযানে অংশ নেওয়া এই কর্মকর্তা বলেন, বেশ কয়েক দিন ধরে নজদারির পর সেখানে অভিযানে যান তারা।
“অভিযান চালানোর সময় উত্তর কোরিয়ার গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন ঘটনাস্থলে চলে আসায় বিড়ম্বনায় পড়তে হয়। ওই মহিলার বাসায়ও অভিযান চালানোর পরিকল্পনা থাকলেও পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি।”
রেস্তোরাঁর বেশ কয়েকটি কক্ষে নির্ধারিত কিছু গ্রাহক ছাড়া অন্যদের ঢুকতে দেওয়া হতো না বলে জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা।
“রেগ সান হুয়াকে জিজ্ঞাসাবাদে আমরা কিছু নতুন তথ্য পাবো বলে আশা করছি,” বলেন ডিবি কর্মকর্তা মোরশেদ আলম।
