ঝিনাইদহে গরু চুরির অভিযোগে পিটিয়ে হত্যা
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় গরু চুরির অভিযোগ তুলে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে জনতা।
শুক্রবার ভোর রাতে কুশনা গ্রামে এ ঘটনা ঘটে বলে কোটচাঁদপুর থানার ওসি আহমেদ কবির জানান।
পরে সকাল ১০টার দিকে কুশনা ইউনিয়ন পরিষদের সামনে থেকে আমীরুল ইসলাম (৩৫) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আমিরুল একই উপজেলার সারুটিয়া গ্রামের নবিজউদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আহমেদ কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গভীর রাতে চার জনের একদল গরুচোর ওই গ্রামের বেলা বিশ্বাসের বাড়িতে হানা দেয়।
তারা গোয়ালঘর থেকে গরু চুরি করে পালানোর সময় বাড়ির লোকেরা টের পেয়ে চিৎকার দেয়।
এতে গ্রামবাসী চার জনকে ধাওয়া করে। তিন জন পালাতে পারলেও আমিরুল ধরা পড়েন।
ক্ষুব্ধ গ্রামবাসী আমিরুলকে ইউনিয়ন পরিষদের সামনে নিয়ে পিটিয়ে ফেলে রাখে। সেখানেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে লাশ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয় বলে জানান ওসি।
