বাগেরহাটে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১
বাগেরহাটে পণ্যবাহী ট্রাকের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় খুলনা-মংলা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে বাগেরহাট মহাসড়ক পুলিশের ওসি আব্দুল মান্নান ফরাজী জানান।
নিহত মাইক্রোবাস চালক মোড়ল তায়েবুর রহমান (৩৭) বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের সুন্দরঘোনা গ্রামের আশরাফ আলী মোড়লের ছেলে।
ওসি জানান, মংলা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা সিমেন্টবোঝাই ট্রাকটি বাগেরহাটের ফকিরহাটের লখপুর এলাকায় পৌঁছালে সামনের চাকা ফেঁসে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারান এবং বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখী সংঘর্ষ হয়।
"এতে মাইক্রোবাস চালক ঘটনাস্থলেই নিহত হন। ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।"
জেলা প্রশাসনের অনুমতি নিয়ে পুলিশ নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করেছে বলে জানান তিনি।
