সৌদি আরবে দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন।
বুধবার রাতে দাম্মামে গাড়ি চাপায় প্রাণ হারান চাঁদপুরের মতলব উপজেলার পূর্ব ষাটনল গ্রামের মালুম ইসলাম বেপারীর একমাত্র ছেলে ফয়েজ আহমেদ (৪৭)।
ফয়েজের সঙ্গে থাকা কয়েকজন খবরটি পরিবারের সদস্যদের জানান বলে নিশ্চিত করেন ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম শরীফ উল্যাহ সরকার।
শরীফ উল্যাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুমাস আগে সৌদি আরব যান ফয়েজ। সেখানে আল শরীফ ট্রেডিং কোম্পানির অধীনে ম্যাকডোনাল্ড এ পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন।
তার লাশ বর্তমানে সৌদি আরবের আল হাসা হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান তিনি।
তিনি জানান, ফায়েজ আহমেদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। দুই মেয়ে বিবাহিতা ও একমাত্র ছেলে কলেজ ছাত্র।
খবর শোনর পর থেকে মৃত ফয়েজের বাবা মালুম বেপারী (৮০) ও মা জামিনা খাতুন বাকরুদ্ধ হয়ে পড়েছেন। শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন। কখনও কখনও তাদের চোখ বেয়ে অশ্রু ঝরতে দেখা যায়।
শোকাতুরা ফয়েজের স্ত্রী খোদেজা, ছোট মেয়ে সিনথিয়া মরদেহ ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চান।
