২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঞ্জুর হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলে আরও সময়

মেজর জেনারেল মঞ্জুর হত্যা মামলার অধিকতর তদন্তের প্রতিবেদন জমা দেওয়ার সময় ষষ্ঠবারের মতো পিছিয়েছে, যে মামলায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদও আসামি।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2015, 05:18 PM

Updated : 22 Aug 2022, 12:16 PM

বৃহস্পতিবার নিয়ে রাষ্ট্রপক্ষ প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময়ের আবেদন করলে ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিচারক এস এম সাইফুল ইসলাম শুনানি নিয়ে আগামী ১৩ অগাস্ট নতুন দিন রাখেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আসাদুজ্জামান রচি সময়ের আবেদন করেন।

মামলাটির অধিকতর তদন্ত করছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে নাজিম উদ্দিন রোডের বিশেষ এজলাসে ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মামলার বিচার চলছে।

১৯ বছর পর মামলা চলার পর বিচারক হোসনে আরা আকতার গতবছরের ১০ ফেব্রুয়ারি রায়ের দিন রেখেছিলেন।

কিন্তু এর আগেই ২৯ জানুয়ারি হোসনে আরা আকতারকে সরিয়ে মামলার বিচারের দায়িত্ব দেওয়া হয় দ্বিতীয় অতিরিক্ত জেলা জজ হাসান মাহমুদ ফিরোজকে।

হাসান মাহমুদ ফিরোজের আগে বিভিন্ন সময়ে ২২ জন মামলাটির বিচারক হিসাবে দায়িত্ব পালন করেছেন।

গত ২৭ ফেব্রুয়ারি পুনরায় যুক্তিতর্ক উপস্থাপনের ধার্য দিনে আবার মামলাটি তদন্তের নির্দেশ দেন নতুন বিচারক।

মামলার পাঁচজন আসামির মধ্যে সাবেক রাষ্ট্রপতি ও জাতয়ি পার্টির চেয়ারম্যান এরশাদ, অবসরপ্রাপ্ত মেজর কাজী এমদাদুল হক ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোস্তফা কামাল উদ্দিন ভূঁইয়ার বিচার চলছে।

হাই কোর্টের নির্দেশে স্থগিত আছে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল লতিফ ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল শামসুর রহমান শামসের বিচার।

সব আসামিই বর্তমানে জামিনে আছেন।

চট্টগ্রামে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পর ১৯৮১ সালের ১ জুন মেজর জেনারেল মঞ্জুরকে পুলিশ হেফাজত থেকে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে যাওয়ার পর গুলি করে হত্যা করা হয়।

তখন সেনাপ্রধান ছিলেন এরশাদ। পরে তিনি সামরিক আইন জারি করে রাষ্ট্রক্ষমতা দখল করেন। ১৯৯০ সালে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া এরশাদের দল জাতীয় পার্টি আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারে রয়েছে। 

মঞ্জুর হত্যার ১৪ বছর পর ১৯৯৫ সালের ২৮ ফেব্রুয়ারি তার বড় ভাই আবুল মনসুর আহমেদ চট্টগ্রামের পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন। 

ওই বছরের ১৫ জুলাই আদালতে অভিযোগপত্র দেন সহকারী পুলিশ সুপার আবদুল কাহহার আকন্দ।

এর আগে ওইবছরের ১ মার্চ এমদাদুল হক, ১২ মার্চ মোহাম্মদ আবদুল লতিফ ও শামসুর রহমান এবং ১৮ জুন মোস্তফা কামালকে গ্রেপ্তার করা হয়। আর ১১ জুন কারাগারে থাকা এরশাদকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।