২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিচারপতিদের অসামর্থ্য ও অসদাচরণ প্রমাণের আইন বাজেট অধিবেশনে’

বিচারপতিদের অসামর্থ্য ও অসদাচরণ তদন্ত ও প্রমাণের পদ্ধতি সম্পর্কিত সংশ্লিষ্ট আইনের খসড়া সংসদের আসন্ন বাজেট অধিবেশনে তোলা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2015, 01:11 AM

Updated : 22 Aug 2022, 12:16 PM

মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য জানিয়েছেন।

দশম জাতীয় সংসদের ষষ্ঠ ও বাজেট অধিবেশন আগামী ১ জুন সোমবার বিকেল ৪টায় শুরু হবে।

কমিটির বৈঠক শেষে কমিটি সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত সাংবাদিকদের বলেন, “আইন মন্ত্রণালয় কমিটিকে জানিয়েছে, তারা এ সংক্রান্ত আইনের একটি খসড়া তৈরি করেছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে তারা এটি আগামী বাজেট অধিবেশনে সংসদে তুলবে।”

বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিয়ে সংবিধানের ষোড়শ সংশোধনী সংক্রান্ত বিল পাস হয় গত বছরের ১৭ সেপ্টেম্বর।

গত বছরের অগাস্ট মাসে সংবিধান সংশোধন বিল মন্ত্রিসভার অনুমোদন পায়। অনুমোদনের পর আইনমন্ত্রী বলেছিলেন, বিল পাস হলে তিন মাসের মধ্যেই আইন করা হবে, যাতে কোন পদ্ধতিতে একজন বিচারককে অপসারণ করা যাবে তার বিশদ ব্যাখ্যা থাকবে ওই আইনে।

সংবিধান সংশোধনী বিলে বলা হয়, কোন বিচারকের অসদাচরণ বা অসামর্থ্য সম্পর্কে তদন্ত ও প্রমাণের পদ্ধতি সংসদ আইনের দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবে।

আইন মন্ত্রণালয়ের তৈরি খসড়া বিলে তদন্ত ও প্রমাণের পদ্ধতি কী বলা হয়েছে, জানতে চাইলে সুরঞ্জিত বলেন, “আমরা খসড়া দেখিনি। সংসদে আসলে সেটা কমিটির কাছে আসবে। তখন আমরা সেটি নিয়ে পর্যালোচনা করব।”

বৈঠকে ২১ শে অগাস্ট গ্রেনেড হামলা মামলা নিষ্পত্তিতে অস্বাভাবিক বিলম্বের কারণ ও তা নিরসনে অগ্রগতির বিষয়ে আলোচনা  হয়েছে বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, ২১  অগাস্ট গ্রেনেড হামলা মামলায় সাক্ষীদের সংখ্যা বেশি হওয়ায় এ মামলার বিচার প্রক্রিয়া দীর্ঘ হচ্ছে। আগামী তিন মাসের মধ্যে মামলাগুলো নিষ্পত্তি হবে বলে আশা প্রকাশ করা হয়।

ভূমিকম্প আতঙ্ক কমিটি বৈঠকে

মঙ্গলবার সংসদ ভবনে সংসদীয় কমিটির বৈঠকের সময় ভূমিকম্প অনুভূত হলে তাড়াহুড়ো করে বৈঠক শেষ করে দেওয়া হয়।

বৈঠকের কক্ষে ঝোলানো ঝাড়বাতিও দুলতে থাকায় বৈঠকে উপস্থিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ নিয়ে সুরঞ্জিত সাংবাদিকদের বলেন, “ভূমিকম্পের কারণে মিটিং শেষ করতে পারিনি। সব কিছুই দুলছিল।”

মঙ্গলবার বাংলাদেশ সময় ১টা ৫ মিনিটে নেপালে বড় মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ভারত, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বড় এলাকা। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৩।

সুরঞ্জিত সেন গুপ্তর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে কমিটির সদস্য আইনমন্ত্রী আনিসুল হক, তাজুল ইসলাম চৌধুরী, শামসুল হক টুকু, আব্দুল মজিদ খান, তালুকদার মো. ইউনুস, সফুরা বেগম অংশ নেন।