২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকের সহায়তায় নকল, পরীক্ষা কেন্দ্র বাতিল

বরগুনার আমতলী ডিগ্রি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রে নয় শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের নকলে সহায়তার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2015, 08:49 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

এই ঘটনায় পরীক্ষা কেন্দ্রটি সাময়িকভাবে স্থগিত করেছে বরিশাল মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শিক্ষা বোর্ড।

বরিশাল শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক লিয়াকত হোসেন জুয়েল জানান - আগামী ১৪ মে থেকে আমতলী ডিগ্রি কলেজের বদলে বাকি পরীক্ষাগুলো পটুয়াখালী সরকারি মহিলা কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

গত ৮মে আমতলী ডিগ্রি কলেজ কেন্দ্রে শিক্ষকদের সহযোগিতায় নকলের অভিযোগের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপর ১০ মে বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ ওই ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করে।

নয় শিক্ষককে অভিযুক্ত করে ১১ মে কমিটির দেয়া তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে গত সোমবার বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ ওই কেন্দ্রের সব পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় বলে জানান কলেজ পরিদর্শক জুয়েল।

লিয়াকত হোসেন আরও জানিয়েছেন, শিক্ষা বোর্ডের সভার সিদ্ধান্ত এবং তদন্ত কমিটির প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

যাতে অভিযুক্ত ওই নয় শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি।