বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে চূড়ান্ত অনুমোদন
বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের হাতে থাকা বিদেশি মুদ্রা ও বিদেশে তাদের সম্পত্তির তথ্য চাওয়ার বিধান রেখে আইন সংশোধনের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন (সংশোধন) ২০১৫’ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, বৈদেশিক মুদ্রা ও সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় নিয়ন্ত্রণের জন্য ১৯৪৭ সালে এ আইন করা হয়। পরে ১৯৭৬ ও ২০০৩ সালে আইনটি সংশোধন করা হয়।
“মন্ত্রিসভা এর আগে নীতিগত অনুমোদন দেয়, কিছু অনুশাসন দেওয়া ছিল সে অনুযায়ী খসড়াটি সংশোধন করে আজ তা চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।”
বাংলাদেশিদের ক্ষেত্রে আইনটি প্রয়োগের ক্ষেত্রে কোনো অস্পষ্টতা না থাকলেও বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিকদের ক্ষেত্রে অস্পষ্টতা ছিল।
“খসড়ায় স্পষ্ট করা হয়েছে যে এ আইন বাংলাদেশের সব নাগরিক ও বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিকদের জন্য প্রযোজ্য হবে।
“সরকার ও বাংলাদেশ ব্যাংক প্রয়োজনে বাংলাদেশে বসবাসরত বাংলাদেশি ও অন্য দেশের নাগরিকদের হাতে থাকা বিদেশি মুদ্রা বা বৈদেশিক সিকিউরিটিজ সম্পর্কিত তথ্য এবং বিদেশে তাদের স্থাবর বা অন্য সম্পত্তির বিষয়ে তথ্য চাইতে পারবে।”
সংশোধিত আইনে ব্যবসা-বাণিজ্যের ‘এজেন্ট’ হিসাবে কাজের জন্য লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের বাধ্যবাধকতা তুলে নেওয়া হচ্ছে।
বিদেশি প্রতিষ্ঠানের শাখা অফিস বা লিয়াজোঁ অফিস স্থাপনের ক্ষেত্রে আগেই বাংলাদেশ ব্যাংককে জানানোর নিয়ম আর থাকবে না জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিনিয়োগ বোর্ডের অনুমোদন নিয়েই এ ধরনের অফিস চালু করা যাবে। তবে এক মাসের মধ্যে বিষয়টি বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে।
“যেহেতু ফাইনান্সিয়াল টার্ম কিছু কিছু নতুন বিষয় এসেছে, এখানে কিছু সংজ্ঞা এখানে আপডেট করা হয়েছে,” বলেন মন্ত্রিপরিষদ সচিব।
