ডিসি সম্মেলন ২৮-৩০ জুলাই
চলতি বছরের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন আগামী ২৮ থেকে ৩০ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হবে।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান।
ডিসি সম্মেলনে দেশের ৬৪ জেলার ডিসিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সরকারের নীতি-নির্ধারকরা।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ জুলাই তার কার্যালয়ের শাপলা হলে সম্মেলনের উদ্বোধন করবেন। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে ডিসিদের সঙ্গে মতবিনিময় ও মুক্ত আলোচনা করবেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনী দিনেই ডিসিরা সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রণালয় ও বিভাগভিত্তিক কার্যঅধিবেশনে অংশ নেবেন।
ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে জেলা প্রশাসকরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে যাবেন। এসময় রাষ্ট্রপতি ডিসিদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়ে থাকেন।
তিন দিনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা আরও বিভিন্ন অধিবেশনে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়ে থাকেন।
গত বছরের ৮ থেকে ১০ জুলাই ডিসি সম্মেলনে ২০টি কার্য-অধিবেশনে ৩০৭টি প্রস্তাবের উপর আলোচনা হয়েছিল।
এসব অধিবেধনের মাধ্যমে স্বল্পমেয়াদি ১৫৮টি, মধ্যমেয়াদি ১৩৩টি এবং দীর্ঘমেয়াদি ১৭৩টি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
