শিলাইদহে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হবে: ইনু
বেসরকারি উদ্যোগে সরকারি পৃষ্ঠপোষকতায় কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ীতে একটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মবার্ষিকীতে শিলাইদহ কুঠিবাড়ীতে আয়োজিত অনুষ্ঠানে জাসদ সভাপতি ইনু একথা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাত দিয়ে এই জাসদ সভাপতি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা বাস্তবায়নে বেসরকারি উদ্যোগে এবং সরকারি পৃষ্ঠপোষকতায় কুঠিবাড়ীতে একটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।
কবিগুরু শিলাইদহের এই কুঠিবাড়ীতে বসেই কালজয়ী অনেক সাহিত্য রচনা করেছেন।
এখানে বসে রচিত গীতাঞ্জলী কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন।
এসব কারণে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ভারতের শান্তিনিকেতনের আদলে একটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা ভেবেছিলেন বলে জানান ইনু।
খুব দ্রুত এই বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে বলে আশ্বাস দেন ইনু।
প্রধান অতিথি হিসেবে দুপুরে তিনি রবীন্দ্র জন্মজয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন করেন।
অনুষ্ঠানে কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হেসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার, কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম।
