২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করা ১১ জন উদ্ধার

চট্টগ্রাম নগরী থেকে মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করা ১১ জনকে উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2015, 02:03 AM

Updated : 22 Aug 2022, 12:12 PM

শুক্রবার রাতে পাঁচলাইশ থানার বাদুরতলার ‘রমজু মিয়া লেইন’র একটি ভবন থেকে তাদের উদ্ধার পর শনিবার সন্ধ্যায় এই সংবাদ জানায় পুলিশ।

এ ঘটনায় জড়িত সন্দেহে তিন ‘দালালকে’ গ্রেপ্তার করা হয়েছে বলে  পাঁচলাইশ থানার এসআই মো. মনির জানান।

গ্রেপ্তাররা হলেন- মো. নুরুল ইসলাম ওরফে আলম (৩৫), আমান উল্লাহ (৩৬) ও রনি পালিত (৩৫)।

এসআই মনির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে দেশের বিভিন্ন স্থান থেকে কয়েকজন এনে জড়ো করা হয়েছে বলে সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার আলমের বাসায় অভিযান চালানো হয়।

“ওই বাসা থেকে আলমসহ ১৪ জনকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই করে তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়।”

তাদের মধ্যে ১১ জনকে বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে আনা হয় বলে জানান এসআই মনির।

এরা ব্রাহ্মণবাড়িয়া, সাতক্ষীরা, শেরপুর, কক্সবাজার ও ঝিনাইদহের বাসিন্দা বলে জানান তিনি।

এসআই মনির জানান, গ্রেপ্তার তিনজনসহ মোট চারজনকে আসামি করে মানব পাচার আইনে মামলা করা হয়েছে।

প্রায় কাছাকাছি সময়ে বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী এলাকা থেকেও ১২ জনকে উদ্ধার করে বাঁশখালী থানা পুলিশ।