হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
পটুয়াখালীর একটি হত্যা মামলায় দুই জনকে যাবজ্জীবন এবং অপর দুই জনকে তিন বছর কারাদণ্ড দিয়েছে বরিশালের একটি আদালত।
বৃহস্পতিবার বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ রায় দেন।
যাবজ্জীবন দণ্ডিতরা হলেন, আ. জব্বারের দুই ছেলে রফিকুল ইসলাম বাদল ও সুজন মিয়া।
রফিকুল থাকেন বরিশাল নগরীর গোরস্থান রোড ধোপাবাড়ি এলাকায় এবং সুজন থাকেন পটুয়াখালীর ডুরিয়া গ্রামে।
এ দুজনকে অন্য একটি ধারায় তিন বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
তিন বছর দণ্ডিতরা হলেন, পটুয়াখালীর গলাচিপা উপজেলার কালিরচর গ্রামের শামসু মাঝির ছেলে ইসাহাক আলী ও একই উপজেলার গোলখালী গ্রামের হানিফ সরদারের ছেলে সিরাজ সরদার।
এদেরকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া আরও দুজনকে খালাস দেওয়া হয়েছে এবং উচ্চ আদালতের নির্দেশে মামালার প্রধান আসামিসহ অভিযুক্ত তিন আসামির বিচার স্থগিত রয়েছে।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী একেএম জাহাঙ্গীর জানান, গলাচিপার সাগরদী রোডের বাসিন্দা হাবিবুর রহমানের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন স্থানীয় জালাল আহমেদের মেয়ে শাহিনুর আক্তার।
মামলার প্রধান আসামি মোস্তাফিজুর রহমান শাহিনুরকে একাধিকবার ধর্ষণ করে এবং ধর্ষণের দৃশ্য মোবাইলে ধারণ করে আসামি সিরাজ সরদার। শাহিনুর বেগম অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সিরাজ সরদারের বিরুদ্ধে মামলা করেন শাহিনুরের মা নিলুফা বেগম।
মামলা থেকে রেহাই পেতে শাহিনুরকে বিয়ে করে সিরাজ সরদার। তাদের একটি মেয়ে হয়। পরে নানা অভিযোগে শাহিনুরকে তালাক দেয় সিরাজ সরদার। এর কিছুদিন পরে স্থানীয় ফিরোজ মিয়ার সঙ্গে শাহিনুরের দ্বিতীয় বিয়ে হয়।
কিন্তু মোবাইলে ধারনকৃত ধর্ষণের ছবি ছড়িয়ে দেয়ার ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময় তাকে ধর্ষণ করে আসামি লিটন ও হাকিম আলী।
এঘটনা জানাজানি হয়ে গেলে ২০০৩ সালের ২৪ মে ৭ মাসের অন্তঃসত্ত্বা শাহিনুর আক্তার এবং তার শিশু সন্তান সেলিনাকে ট্রলার যোগে অপহরণ করে আসামিরা। এর তিনদিন পর রমনাবাদ নদীর একটি চর থেকে উদ্ধার হয় শাহিনুরের লাশ। তবে মেয়ে সেলিনার লাশ আজও পাওয়া যায়নি।
এ ঘটনায় ২০০৩ সালে ১ জুন ১০ জনকে আসামি করে গলাচিপা থানায় মামলা দায়ের করেন শাহিনুরের মা নিলুফা বেগম।
একই বছরের ১৪ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন।
এরপর উচ্চ আদালতের নির্দেশে মামলার কার্যক্রম দীর্ঘ দিন স্থগিত ছিল।
পরে ২০১১ সালে চাঞ্চল্যকর চিহ্নিত করে মামলাটি বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২৩ জন সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দিয়েছে আদালত।
