সহসা চালু হচ্ছে না নিউমুরিং টার্মিনাল
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল (এনসিটি) সহসাই চালু হচ্ছে না বলে জানিয়েছেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ।
শনিবার দুপুরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ১২৮তম বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
চট্টগ্রাম বন্দরের প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত সভায় লিখিত বক্তব্য পড়ার পর গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাব দেন চেয়ারম্যান।
বন্দরের বর্তমান কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন টার্মিনাল ম্যানেজার এনামুল করিম।
নিজামউদ্দিন বলেন, “নির্মাণের পর অনেক বছর হয়ে গেছে। টার্মিনালের পাঁচটি বার্থে জাহাজ ভেড়ানো হয়। কিন্তু পরিপূর্ণ যন্ত্রপাতি না থাকায় গিয়ারড ভ্যাসেল নিয়ে আসি।
“যন্ত্রপাতি কে কিনবে? বিদেশি অপারেটর, বেসরকারি অপারেটর না বন্দর? নৌপরিবহন মন্ত্রণালয় নয় সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে দিয়েছে। তাদের বলা হয়েছে, যন্ত্রপাতি কে কিনলে বন্দর লাভবান হবে আর্থিক বিশ্লেষণ করে তা নির্ধারণ করতে।”
বন্দর চেয়ারম্যান বলেন, তারা (কমিটি) এখনো প্রতিবেদন দাখিল করেনি। প্রতিবেদন দাখিল করলেই পদক্ষেপ নেওয়া হবে।
প্রশ্নের জবাবে নিজামউদ্দিন বলেন, কন্টেইনার পরিবহন গড়ে ১৫ শতাংশ হারে বাড়ছে। এর সঙ্গে সক্ষমতা না বাড়লে সমস্যায় পড়তে হবে। এজন্য একসঙ্গে লালদিয়া টার্মিনাল, বে টার্মিনাল ও কর্ণফুলী কন্টেইনার টার্মিনাল নির্মাণের প্রক্রিয়া চলছে। ২০১৯ সালের মধ্যে এসব টার্মিনাল নির্মাণকাজ শেষ হবে।
“গত বছর প্রধানমন্ত্রী পটুয়াখালীতে পায়রা বন্দর উদ্বোধন করেছেন। ২০১৮ সালে পায়রা বন্দরে দুই কিলোমিটার দীর্ঘ টার্মিনাল চালুর লক্ষ্য আছে। এ বছরের ডিসেম্বরে পায়রা বন্দরের বহির্নোঙ্গরে পণ্য খালাসের ব্যবস্থা করা হবে।”
কর্ণফুলীর ক্যাপিটাল ড্রেজিং বিষয়ে বন্দর চেয়ারম্যান বলেন, ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল করার পর জটিলতা সৃষ্টি হয়েছে। তারা আদালতে গেছে। আগামী মাসের ৯ তারিখ শুনানি আছে।
“তবে আমরা আদালতের অনুমতি নিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় খননকাজ করে জেটি চালু করব। পলি অপসারণেও কার্যকর পদক্ষেপ নেব।”
ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন্দর সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. নজরুল ইসলাম, বন্দর সদস্য (অর্থ) মো. সিদ্দিক, সদস্য (প্রকৌশল) কমোডোর জুলফিকার আজিজ ও সদস্য (হারবার ও মেরিন) কমোডোর শাহীন রহমান।
