দম্পতির ঝগড়া থামাতে গিয়ে ঘুষিতে নিহত
রংপুরের হারাগাছ পৌরসভায় বিড়ি শ্রমিক ও তার স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে ওই শ্রমিকের ঘুষিতে এক প্রতিবেশীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকালে নিহত আব্দুল হাই (৫৮) বালারহাট খামারপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ মাহে আলম (২৪) নামের ওই শ্রমিককে গ্রেপ্তার করেছে।
হারাগাছ পুলিশ ফাঁড়ির এসআই রিয়াজুল ইসলাম জানান, এলাকাবাসী মাহে আলমকে আটক করে পুলিশে খবর দিয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আজিজার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১১টার দিকে বিড়ি শ্রমিক মাহে আলম ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়।
তখন পাশের বাড়ির আব্দুল হাই তাদের বিরোধ থামাতে গেলে মাহে আলম তার বুকে সজোরে ঘুষি মারে। এতে ঘটনাস্থলেই আব্দুল হাই মারা যান।
