২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের উত্তেজনা প্রবাসেও

সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে ভোটারদের মন পেতে বাসাবাড়িতে হাজির হচ্ছেন প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা। ধীরে ধীরে তুঙ্গে ওঠা এই নির্বাচনী উৎসবের আমেজ ছড়িয়েছে প্রবাসীদের মাঝেও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2015, 12:39 PM

Updated : 12 Oct 2022, 03:36 PM

যুক্তরাষ্ট্রে নানা উপলক্ষ আর আয়োজনে সমবেত হয়ে বাংলাদেশের সিটি নির্বাচন নিয়ে আলোচনায় সরব হচ্ছেন প্রবাসীরা। টুইটার, ফেইসবুক, স্কাইপেসহ সামাজিক যোগাযোগের মাধ্যমেও চলছে মন্তব্য-পাল্টা মন্তব্য। বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে প্রার্থীদের পোস্টারও দেখা গেছে।

ঢাকার দুটি ও চট্টগ্রাম সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রবাসী সমর্থকরা গত এক সপ্তাহে নিউ ইয়র্ক, নিউ জার্সি, ম্যাসাচুসেটস, ওয়াশিংটন, ফ্লোরিডা, জর্জিয়া, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, মিশিগান, ইলিনয় প্রভৃতি স্থানে নির্বাচন বিষয়ক আলোচনা সভা করেন।

এসব সভায় প্রার্থীদের জন্য তহবিল গঠন ছাড়াও দেশে নিজের আত্মীয়-স্বজন ও বন্ধুদের টেলিফোন করে ভোটকেন্দ্রে যেতে উৎসাহ যোগানোর সিদ্ধান্ত হয়।

প্রায় সব সভায়ই সব ধরনের নির্বাচনী সহিংসতা পরিহারের আহ্বানও জানানো হয়।

গত ২০ এপ্রিল নিউ ইয়র্ক আওয়ামী লীগের এ ধরনের এক সভায় চট্টগ্রামে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন টেলিফোনে প্রবাসীদের সমর্থন প্রত্যাশা করেন।

প্রবাসী আওয়ামী লীগ নেতা কামাল হোসেন মিঠুর সমন্বয়ে এই টেলিসংলাপে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনেও দল সমর্থিত প্রার্থীদের পক্ষে সমর্থন জানান নূরনবী কমান্ডার, জাকারিয়া চৌধুরী, শাহীন ইবনে দিলওয়ার, কমরউদ্দিন আহমদ, নজরুল ইসলাম বাবুল, এবি সিদ্দিক প্রমুখ।

এর আগে নিউ ইয়র্কে বসবাসরত চট্টগ্রামের প্রবাসীরা নাছিরের সমর্থনে আরেকটি সভায় নির্বাচনী তহবিলে অর্থ সংগ্রহের সিদ্ধান্ত নেন। ২১ এপ্রিল বোস্টনেও আরেকটি সভায়ও একই সিদ্ধান্ত হয়।

যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতাকর্মীরাও বসে নেই। তারাও দলীয় প্রার্থীর জন্যে একইভাবে প্রচারণা চালাচ্ছেন সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে। তবে তাদের নির্বাচনী সভাগুলো পরিণত হচ্ছে ঢাকায় খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদ সভায়।

চারভাগে বিভক্ত যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে আলাদা আলাদাভাবে সভা হয়েছে নিউ ইয়র্ক, লস এঞ্জেলেস, নিউ জার্সি ও ফ্লোরিডায়।

সর্বশেষ ২১ এপ্রিল রাতে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে এ ধরনের একটি সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা গিয়াস আহমেদ।

বিএনপি নেতা মোস্তফা কামাল পাশা বাবুল, সোলায়মান ভূইয়া, যুবদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আবু তাহের, নিউ ইয়র্ক বিএনপির সভাপতি মাহফুজুল মাওলা নান্নু ও ব্রুকলিন সভাপতি কামাল উদ্দিন আহমেদসহ কয়েকজন বক্তব্য দেন।

এর আগে ফ্লোরিডায় অনুষ্ঠিত আরেকটি সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট। বক্তব্য রাখেন মোস্তফা কামাল পাশা বাবুল, ইলিয়াস খান ও এমডি মাসুদ।

এসব সভায় দল সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে দেশে ঘনিষ্ঠজনদের টেলিফোন করে  ভোট দিতে ও তাদের করতে অনুরোধ করার সিদ্ধান্ত হয় বলে নেতারা জানান।