ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন, যিনি হত্যাসহ ১১টি মামলার আসামি ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার মধ্যরাতে সাতবাড়িয়া এলাকায় একটি ইটভাটায় ‘বন্দুকযুদ্ধের’ ঘটনাটি ঘটে বলে সদর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান।
নিহত উজ্জ্বলের (৩৫) বিরুদ্ধে হত্যাসহ ১১টি মামলা রয়েছে বলে জানান তিনি।
ওসি আকুল চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মধ্যরাতে ওই ইটভাটায় উজ্জ্বলের অবস্থানের খবর পেয়ে তাকে ধরতে অভিযানে যায় পুলিশ।
“এসময় উজ্জ্বল ও তার সহযোগীরা পুলিশের অবস্থান টের পেয়ে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি করে। একপর্যায়ে উজ্জ্বল গুলিবিদ্ধ হয়ে পড়ে গেলে বাকিরা পালিয়ে যায়। তাকে দ্রুত সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
সন্ত্রাসীদের গুলিতে এএসআই মেহেদি হাসান ও কনস্টেবল মাসুদ ও তিনি নিজে আহত হয়েছেন বলে জানান ওসি।
ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
