২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার গাড়িবহরে হামলা নিয়ে পাল্টাপাল্টি মামলা

রাজধানীর কারওয়ান বাজারে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় আওয়ামী লীগ-বিএনপি একে অপরকে দায়ী করে পাল্টাপাল্টি মামলা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2015, 12:23 AM

Updated : 22 Aug 2022, 12:08 PM

বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা রক্ষীসহ ১০০ জনকে আসামি করে সোমবার রাতেই তেজগাঁও থানায় একটি মামলা করেন ঢাকা মহানগর ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক।

মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুবউদ্দিন খোকন এবং ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া তেজগাঁও থানায় পাল্টা মামলা করেন।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপি চেয়ারপারসনের প্রধান নিরাপত্তা সমন্বয়কারী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর স্বাক্ষরিত ওই লিখিত অভিযোগ দুপুরে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

মামলার আসামি হিসেবে কারও নাম উল্লেখ করা হয়নি। তবে আওয়ামী লীগ সমর্থক শতাধিক ব্যক্তি ওই হামলা চালায় বলে অভিযোগ করেছে বিএনপি।

তেজগাঁও থানার এসআই মো. রমজান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আওয়ামী লীগ নেতার করা মামলায়ও কারও নাম-পরিচয় উল্লেখ করা হয়নি।

তবে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী ও বিএনপি নেতা-কর্মী মিলিয়ে ১০০ জনকে আসামি করা হয়েছে।

তাদের বিরুদ্ধে জনতাকে হত্যার চেষ্টা ও বেআইনি জনসভাসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা রমজান।

এদিকে ওই ঘটনায় হামলাকারী কাউকে চিহ্নিত করা যায়নি এবং দুই মামলা তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা বিপ্লব।

তিনি বলেন, “এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদের সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

দোষীদের চিহ্নিত করতে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলার পাশাপাশি ভিডিও ফুটেজ দেখা হচ্ছে বলে জানান তিনি।

থানায় অভিযোগ জমা দেওয়ার পর মাহবুবউদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, “আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী গতকাল বিকালে কারওয়ান বাজারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালায়। তারা বেগম জিয়ার গাড়িতে গুলি করেছে।

“গাড়িবহরের অন্যান্য গাড়ি ভাংচুর করেছে। আমরা মনে করি, পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।”

মঙ্গলবার রাতে নির্বাচনী জনসংযোগে নেমে মালিবাগে এক পথসভায় খালেদা জিয়া নিজেই বলেন, তাকে হত্যার উদ্দেশ্যেই ওই হামলা হয় এবং তার গাড়িতে গুলি ছোড়া হয়।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘটনাকে বিএনপি চেয়ারপারসনের ‘নাটক’ বলে মন্তব্য করেছেন।

পুরনো খবর:

খালেদার গাড়িবহরে হামলা শতভাগ সত্যি নয়: প্রতিমন্ত্রী
খালেদার ক্ষতিগ্রস্ত গাড়ি দেখলেন কূটনীতিকরা
খালেদার গাড়িতে ‘গুলির দাগ’ দেখালেন তার উপদেষ্টা
আর ‘নাটক’ করবেন না: খালেদাকে হাসিনা