২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বাংলাদেশ-ভারত বইমেলা জুনে

আগামী জুন মাসে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত বইমেলা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2015, 10:54 PM

Updated : 22 Aug 2022, 12:07 PM

এই মেলা আয়োজনে মঙ্গলবার বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানকে আহ্বায়ক করে ১০ সদস্যের একটি কমিটি করেছে সংস্কৃতি মন্ত্রণালয়।

কমিটিতে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক অসীম কুমার দে-কে সদস্য সচিব এবং ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে উপদেষ্টা করা হয়েছে।

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত সভায় এই মেলায় বাংলাদেশ ও ভারতের উল্লেখযোগ্য সংখ্যক প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে বলে জানানো হয়েছে।

সমাজ বিনির্মাণে বইয়ের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, সংস্কৃতি মন্ত্রণালয় বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান ও সংগঠনের সহযোগিতায় বইমেলা আয়োজন করে আসছে।

“ভারত বাংলাদেশের অকৃত্রিম ও পরীক্ষিত বন্ধুরাষ্ট্র। ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে দুদেশ একে অপরের সাথে অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।”

ঢাকায় অনুষ্ঠেয় এই বইমেলা প্রতিবেশী দুদেশের মধ্যে সংস্কৃতি বিনিময়ের ক্ষেত্রকে আরও বিস্তৃত করবে বলেও আশাপ্রকাশ করেন আসাদুজ্জামান নূর।

তিনি জানান, এ বছর রংপুর, বরিশাল ও কুমিল্লা বিভাগীয় বইমেলার আয়োজন করা হয়েছে। ২৫ এপ্রিল যশোরে খুলনা বিভাগীয় বইমেলা হবে। অন্য বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ জেলা শহরগুলোতেও বইমেলার আয়োজন করা হবে।

সংস্কৃতি সচিব রণজিৎ কুমার বিশ্বাস, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপিরচালক মো. হাফিজুর রহমান, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক অসীম সাহা ও জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতির সভাপতি ওসমান গনি সভায় উপস্থিত ছিলেন।