২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিধি ভঙ্গের ৭৩ অভিযোগ ‘ইতিবাচক’

এক মাসে চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের বিরুদ্ধে মোট ৭৩টি আচরণবিধি ভঙ্গের অভিযোগ জমা পড়েছে রিটার্নিং কর্মকর্তার কাছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2015, 10:40 PM

Updated : 22 Aug 2022, 12:07 PM

তবে এতো সংখ্যায় অভিযোগ করার বিষয়টি ইতিবাচকভাবেই নিচ্ছেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।

তিনি মনে করেন, এসব অভিযোগ বিষয়ে কোনো না কোনো ব্যবস্থা নেওয়ায় প্রার্থীরা অভিযোগ করছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের হিসেবমতে, চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচন বিষয়ে গত ১৮ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত মোট ৬০টি অভিযোগ করেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

এরপর ২১ এপ্রিল পর্যন্ত আরও ১৩ টি অভিযোগ দিয়েছেন বিভিন্ন প্রার্থী। এসব অভিযোগের বিপরীতে ১৮ এপ্রিল পর্যন্ত মোট এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বশেষ মঙ্গলবার পর্যন্ত জরিমানার পরিমাণ দাঁড়ায় এক লাখ ৯৬ হাজার টাকা।

এবার মূল প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীরাও বেশকিছু অভিযোগ করেছেন একে অন্যের বিরুদ্ধে।

শুরুতেই নির্ধারিত সময়ের আগে আচরণ বিধিমালা ভঙ্গ করে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করায় বিএনপিসমর্থিত চট্টগ্রাম আন্দোলনের মেয়র প্রার্থী মনজুর আলমের বিরুদ্ধে অভিযোগ করে নাগরিক কমিটি।

নাগরিক কমিটির মেয়র প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত আ জ ম নাছির উদ্দিনের পক্ষে প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী বক্তব্য রাখায় এবং নির্ধারিত সময়ের আগে প্রচারণা চালানোর অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

৩০ মার্চ তিন মেয়র প্রার্থী মনজুর, নাছির ও সোলয়ামান শেঠকে নোটিশ দেন রিটার্নিং কর্মকর্তা।

এছাড়াও নাছিরের পক্ষে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর বৈঠক, হাছান মাহমুদের বক্তব্য এবং ওবায়দুল কাদেরের বক্তব্য নিয়েও অভিযোগ দেয় চট্টগ্রাম আন্দোলন।

উন্নয়ন আন্দোলনের করা অভিযোগের তালিকায় ছিলেন চট্টগ্রামের পুলিশ কমিশনারও। এছাড়া নগরীর বায়েজিদে ক্যাম্পে হামলার অভিযোগও করেন তারা।

এর মধ্যে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর বৈঠকের বিষয়ে করণীয় জানতে ঢাকায় চিঠি দেয় রিটার্নিং কর্মকর্তা। নাছির ও পুলিশ কমিশনারকে সর্তক করা হয়।

এদিকে ১০ এপ্রিল নির্বাচনী প্রচারণায় নেমেই বিধি ভেঙ্গে মোটরসাইকেল শোভাযাত্রা ও মিছিল নিয়ে গণসংযোগ করে নোটিস পান মনজুর আলম।

এরপর একের পর এক প্রচারণা কাজে বাধা দেওয়ার অভিযোগ এসেছে দুই মেয়র প্রার্থীর কাছ থেকেই।

অন্যদিকে নগরীর ১৩ নম্বর পাহাড়তলি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জামায়াত নেতা মাহফুজুল ইসলামের স্ত্রীর প্রচারণায় এবং তার বাড়িতে হামলার অভিযোগ করা হয় প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ হোসেন হিরণের বিরুদ্ধে। এ বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়। 

বেশ কয়েকজন নারী ও পুরুষ কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ আসে উপঢৌকন দেওয়া, অন্যের প্রচারণায় বাধা দেওয়া ও বিধি ভেঙ্গে প্রচারণা চালানোর।

প্রার্থীর পক্ষে গাড়িতে পোস্টার লাগিয়ে জরিমানার মুখে পড়েন সাংসদ এম এ লতিফেরে ছেলে। এছাড়া নির্বাচনী ক্যাম্পে বিধি ভেঙ্গে টেলিভিশন রাখায় জরিমানা করা হয় কয়েকজন কাউন্সিলর প্রার্থীকে।

মনজুরের পক্ষে অভিযোগ আসে তার পোস্টার ছিঁড়ে ফেলার। বিপরীতে নাগরিক কমিটি অভিযোগ করে মনজুরের পক্ষে কাজ করছে এনজিও।

রিটার্নি কর্মকর্তা আবদুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এতো অভিযোগ করার বিষয়টি নেতিবাচকভাবে দেখছি না। কোনো অভিযোগ পেলেই তদন্ত শেষে আমরা কোনো না কোনো ব্যবস্থা নেই।

“সব অভিযোগ আমরা আমলে নিয়েছি। ইতিমধ্যে ৭৩টির মধ্যে ৬০টির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। অপরাধের মাত্রা বিবেচনায় জরিমানা, শোকজ ও সর্তক করাসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।”