নরসিংদীতে বাসচাপায় ২ অটোরিকশা আরোহী নিহত
নরসিংদীর শিবপুরে বাসচাপায় কলেজছাত্রীসহ দুই অটোরিকশা আরোহী নিহত হয়েছেন, আহত হন আরও চার জন।
বুধবার বেলা পৌনে ১২টার দিকে ইটাখোলায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নরসিংদী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ব্যবসা ও ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী রুয়েনা আক্তার (১৮) ও অটোরিকশা চালক মনির হোসেন (২০)।
আহতদের ঢাকা পাঠানো হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আতাউর রহমান জানান, ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী তিশা পরিবহনের যাত্রীবাহী বাসটি মনোহরদী থেকে নরসিংদীগামী একটি অটোরিকশাকে চাপা দেয়।
আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
