যুক্তরাষ্ট্রেও বর্ণিল বর্ষবরণ উৎসব
যুক্তরাষ্ট্রেও লোকায়ত সংস্কৃতির বর্ণিল ডালা সাজিয়ে নানা আয়োজনে ১৪২২ বঙ্গাব্দকে বরণ করেছেন প্রবাসী বাঙালিরা।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনসহ বাঙালি অধ্যুষিত এলাকাগুলোতে সব অনুষ্ঠানেই বাঙালির শান্তি-সমৃদ্ধি কামনায় দিনের শুরু হয়।
স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে বর্ষবরণের মূল অনুষ্ঠান শুরু হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’ গানের মধ্য দিয়ে।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বসবাসরত বাঙালিরা জড়ো হন মিশনের নববর্ষের আয়োজনে। ছিলেন কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, রাজনীতিক, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন পেশার মানুষ।
জাতিসংঘে ফিজির স্থায়ী প্রতিনিধি পিটার থমসন, নেপাল, মিয়ানমার, ভুটান ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের কূটনীতিকও বাংলা বর্ষবরণের আয়োজনে যোগ দেন।
অতিথিদের স্বাগত জানিয়ে মিশনের স্থায়ী প্রতিনিধি এ কে আব্দুল মোমেন বলেন, “অশুভকে বিদায় দিয়ে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটি সুখী, সুন্দর ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়াই হবে আমাদের নতুন বছরের প্রত্যাশা। যেখানে গণতন্ত্রের অজুহাতে জ্বালাও-পোড়াও থাকবে না, ধর্মান্ধতা বিদায় নেবে।”
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টনের গীতিআলেখ্য ‘বৈশেখীতে রং মাখাবি’। মুড়ি-মুড়কি, নানা ধরনের পিঠা, পান্তা-ইলিশ ও মিষ্টিসহ নানা বাংলা খাবার দিয়ে আপ্যায়ন করা হয় অতিথিদের।
কুইন্স প্লেসে বাংলাদেশ সোসাইটির অনুষ্ঠানে কবুতর ও বেলুন উড়িয়ে দিনের সূচনা করেন সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীর।
বৈশাখ বরণের বর্ণাঢ্য আরেকটি অনুষ্ঠান হয় এনটিভি মিলনায়তনে। ড্রামা সার্কেলের এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য এমএম শাহীন।
