বর্ষবরণ অনুষ্ঠানেও ভোটের আমেজ
নববর্ষে অনুষ্ঠানে নির্বাচনী প্রচারণা না চালাতে নির্বাচন কমিশনের সতর্কতার মধ্যেই চট্টগ্রামে পয়লা বৈশাখের আয়োজনে রয়েছে ভোটের আমেজ।
সিটি নির্বাচনের প্রার্থী ও তাদের সমর্থকরা প্রকাশ্যে ভোট না চাইলেও কৌশলে চালাচ্ছেন প্রচারণা; তারা ভোট চেয়ে লিফলেট বিতরণ করছেন।
মঙ্গলবার সকাল ৯টায় সিআরবি শিরীষ তলায় নবনির্মিত মঞ্চ উদ্বোধন করতে এসে আওয়ামী লীগসমর্থিত ‘নাগরিক কমিটির প্রার্থী’ আ জ ম নাছিরের পক্ষে প্রকাশ্যে ভোট চাইলেন রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী।
তিনি বলেন, “আমার বন্ধু মানুষ আ জ ম নাছির উদ্দিন আওয়ামী লীগের সমর্থন নিয়ে নির্বাচন করছেন। আপনারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।”
এদিকে বেলা সোয়া ১টার দিকে হুড খোলা জিপ নিয়ে ডিসি হিলসংলগ্ন বৌদ্ধ মন্দির এলাকায় আসেন জাতীয় পাটিসমর্থিত মেয়র প্রার্থী সোলায়মান আলম শেঠ।
এসময় তিনি হাত নেড়ে অনুষ্ঠানে আসা লোকজনদের শুভেচ্ছা জানান। পাশাপাশি তার সমর্থকরা লিফলেট বিতরণ করেন।
বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরাও বর্ষবরণ অনুষ্ঠানে গিয়ে ভোট না চাইলেও শুভেচ্ছা বিনিময় করেন।
গত শুক্রবার প্রতীক বরাদ্দের সময় চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন নববর্ষ অনুষ্ঠানে নির্বাচনী প্রচারণা না চালানোর বিষয়ে সতর্ক করেন।
তিনি বলেন, পহেলা বৈশাখে পাঞ্জাবি, গেঞ্জি ও ফতুয়াতে শুভেচ্ছা জানিয়ে প্রচারণা চালানো যাবে না। এভাবে প্রচারণা চালানো আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
সোমবার চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী সম্বন্বয় সেলের বৈঠকে বাতেন বলেন, নববর্ষ উদযাপনের আড়ালে কেউ যেন আচরণবিধি লঙ্ঘন না করেন। প্রার্থী নিজে বা প্রার্থীর পক্ষে কেউ বৈশাখ উপলক্ষে টি-শার্ট বা কোনো ধরণের উপঢৌকন দিতে পারবেন না।”
রিটার্নিং আরও কর্মকর্তা বলেন, “আমাদের কাছে কেউ কেউ বলেছেন- প্রতীক বা প্রার্থীর নাম না দিয়ে উপহার দেওয়া যাবে কি না? তাও দেওয়া যাবে না।
“যদি এই বৈশাখে নির্বাচন না হত তাহলে কি উপহার দিতেন? নির্বাচন না হলে যেভাবে নববর্ষ উদযাপন হত সেভাবেই করবেন। সীমা অতিক্রম করে এমন কিছু করবেন না যাতে আচরণবিধি ভঙ্গ হয়।”
