গোবিন্দগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বিজিবি সদস্য নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির এক সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো চার বাসযাত্রী।
মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার বকচর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি এনামুল হক প্রধান জানান।
নিহত মোখলেছুর রহমান (৩৫) কুড়িগ্রামে বিজিবি ৪৫ ব্যাটালিয়নে সৈনিক পদে কর্মরত ছিলেন। তার বাড়ি সুনামগঞ্জ জেলায়।
আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
ওসি এনামুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোখলেছুর সাগরিকা পরিবহনের একটি বাসে সিলেট থেকে কর্মস্থল কুড়িগ্রামে ফিরছিলেন। রংপুর থেকে বগুড়াগামী একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে বিজিবির একটি দল সকালে এসে নিহতের লাশ কুড়িগ্রামে নিয়ে যায় বলে জানান ওসি।
তিনি জানান, বাস ও ট্রাকের চালক পালিয়ে গেছে। বাহন দুটি পুলিশের হেফাজতে রয়েছে।
