২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নববর্ষে ‘রাজাকারমুক্ত বাংলাদেশ’র প্রত্যাশা অধ্যাপক জাফরের

বাংলা নববর্ষ ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালির সংস্কৃতি, সম্মিলিত বোধ ও অসাম্প্রদায়িক চেতনার পাশাপাশি ‘রাজাকারমুক্ত বাংলাদেশ’র প্রতীকে পরিণত হয়েছে বলে মনে করেন লেখক-অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2015, 02:32 PM

Updated : 12 Oct 2022, 03:33 PM

তিনি বলেন, “আমাদের নববর্ষ এমন একটি উৎসব যাতে সবাই অংশ নেয়। এই নববর্ষ বাংলা সংস্কৃতির প্রতীক, তাদের সম্মিলিত ভালোবাসার প্রতীক এবং অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। এর মাঝে এখন যুক্ত হয়েছে রাজাকারমুক্ত বাংলাদেশের প্রতীক।”

১৪২২ বঙ্গাব্দকে স্বাগত জানিয়ে মঙ্গলবার সকালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা বলেন অধ্যাপক জাফর।

পহেলা বৈশাখ নিয়ে মানুষের উচ্ছ্বাস-আনন্দে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “এই নববর্ষ আমি যতই দেখছি ততই ভাল লাগছে। প্রত্যেক বছরই দেখছি আগের বছরের চেয়ে বেশি আনন্দ হচ্ছে।

“শুধু বাঙালি নয়, পাহাড়িরাও একই সাথে নববর্ষ পালন করছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরে- নগরে প্রতিটি ঘরে আজ নববর্ষ পালিত হচ্ছে।”

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলাই বাংলা নববর্ষ উদযাপনের মূল লক্ষ্য-মন্তব্য করে জাফর ইকবাল বলেন, “আমরা সবাই যেন তা মনে রাখি এবং আজকের দিনে  আমরা যেন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার প্রতিজ্ঞা নিই।

“বাঙালি সংস্কৃতির মূল জিনিসটা হলো- আমরা অসাম্প্রদায়িক। কিন্তু আমার মনে একটাই দুঃখ- আমরা এখনো পুরোপুরি অসাম্প্রদায়িক হতে পারিনি।”

সাম্প্রদায়িক হামলা-নির্যাতনে কষ্ট পাওয়ার কথা জানিয়ে এই লেখক বলেন, “এখনো যখন দেখি বিভিন্ন ধর্মের মানুষের ওপর অত্যাচার হয় তখন তা আমাকে ভীষণ কষ্ট দেয়। আমি আশা করি নতুন প্রজন্মের যারা আছে তারা যেন একটি নতুন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলে।”