অশুভ বিতাড়নের ‘মঙ্গল যাত্রা’
প্রায় ২০ ফুট উঁচু বিশাল এক হাতে মুক্তবুদ্ধির কণ্ঠরোধের প্রতীকী উপস্থাপনায় সাম্প্রদায়িক অশুভ শক্তির উত্থানের চিত্র তুলে ধরে রুখে দাঁড়ানোর ডাক এসেছে বর্ষবরণের ‘মঙ্গল শোভাযাত্রায়’।
‘অনেক আলো জ্বালতে হবে মনের অন্ধকারে’ প্রতিপাদ্য নিয়ে বাংলা বর্ষবরণের এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ।
মঙ্গলবার সকাল ৯টায় চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয় শোভাযাত্রা। রূপসী বাংলা মোড় ঘুরে টিএসসি হয়ে ফের চারুকলার সামনে এসে শেষ হয় এই বর্ণিল যাত্রা।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক শোভাযাত্রায় অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও নানা শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণ ও নানা বয়সের হাজারো মানুষ মঙ্গল যাত্রায় যোগ দেন। বাবা-মায়ের হাত ধরে, ঘাড়ে চড়ে শিশুদেরও দেখা যায় সারিবদ্ধ মানুষের উচ্ছ্বল পদচারণায়।
অসাম্প্রদায়িক বাংলার মাটিতে উগ্রবাদী হামলায় লেখক অভিজিৎ রায় ও অনলাইন অ্যাক্টিভিস্ট ওয়াশিকুর রহমান খুন হওয়ার প্রেক্ষাপটে মানিক বন্দোপাধ্যায়ের কবিতা থেকে বেছে নেওয়া হয় এবারের মঙ্গল শোভাযাত্রার মূল প্রতিপাদ্য।
এই প্রেক্ষাপট নিয়েই শোভাযাত্রার প্রধান প্রতীকটি তৈরি করা হয়; প্রায় ২০ ফুট লম্বা মুষ্টিবদ্ধ হাত, যার আঙুলে রয়েছে লাল রং। এই বিশাল হাত গলা টিপে ধরেছে সাধারণ মানুষের।
শোভাযাত্রায় সাম্প্রদায়িকতাবিরোধী প্রধান প্রতীক ছাড়াও বড় আকারের প্রতীকের মধ্যে ছিল কাকাতুয়া, ময়ূর, বাঘ, হাতি, ঘোড়া, ছাগল ও টেপা পুতুলসহ ১১টি কাঠামো। সমৃদ্ধির প্রতীক হিসেবে ছিল ছাগল ও দুটি ছানা।
বিশাল আকারের মাছের পাশাপাশি কয়েকশ মাঝারি ও ছোট আকারের মুখোশ, পাখ-পাখালি ছিল সেখানে। মুখোশ পরে, কেউ বাহারি সাজে বর্ণিল এ শোভাযাত্রায় ছিলেন হিজড়াও।
উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “কালো ছায়া দূর করে বিশ্ব মানবতার মনে আলো ছড়িয়ে দিতে এবং শান্তি-কল্যাণের হিতার্থে এই শোভাযাত্রা।
“পুরাতন বছরের যে জড়তা, গ্লানি ও আঁধার রয়েছে মানুষের মনে, বর্ষবরণের মধ্য দিয়ে সেই কালো ছায়া দূর করে নতুন জীবন গড়ার কামনা ও প্রত্যাশা করছি।”
তাই ধর্মান্ধতার অশুভ বিকাশের বিরুদ্ধে শক্ত অবস্থান থেকে উগ্র সাম্প্রদায়িকতা রুখে দেওয়ার ডাক দিয়েছেন তারা।
নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজিত এই শোভাযাত্রা এরইমধ্যে বাঙালির বর্ষবরণের কেন্দ্রীয় আয়োজনের একটি হিসাবে স্থান করে নিয়েছে; ঢাক-ঢোল পিটিয়ে, নেচে-গেয়ে যেখানে অংশ নিয়েছে সব বয়সের সব শ্রেণি-পেশার হাজারো মানুষ।
নির্বাচন পরবর্তী সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রেক্ষাপটে গতবারের মঙ্গল শোভাযাত্রায় ছিল সাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বান।
