২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়রই যাবে মানুষের কাছে: নাছির

মেয়র নির্বাচিত হলে নগরবাসীকে তার কাছে যেতে হবে না বরং তিনিই নগরবাসীর কাছে যাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন আ জ ম নাছির উদ্দিন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2015, 11:00 PM

Updated : 22 Aug 2022, 12:05 PM

সোমবার নগরীর আগ্রাবাদ ও সংলগ্ন এলাকায় জনসংযোগে গিয়ে তিনি এ প্রতিশ্রুতি দেন।

আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী নাছির বলেন, “সাবেক মেয়র গত পাঁচ বছরে মহিউদ্দিন চৌধুরীর সময়ের চেয়ে কয়েকগুণ বেশি সরকারি সহায়তা পেয়েছেন।

“কিন্তু কাঙ্ক্ষিত উন্নয়নে তিনি ব্যর্থ হয়েছেন। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে তিনি নিজের ব্যাংক অ্যাকাউন্টের হিসেবেই করেছেন শুধু। কথা দিচ্ছি- যদি মেয়র নির্বাচিত হই তাহলে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে আমি নিজের হিসেব করব না।”

“মেয়র হলে মানুষকে আমার কাছে আসতে হবে না, আমিই মানুষের কাছে যাব। মেয়র পদটা শাসকের নয়, সেবকের।”

বন্দর নগরীর বাণিজ্যিক কেন্দ্র আগ্রাবাদের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দেন আওয়ামী লীগ সমর্থিত এই মেয়র প্রার্থী।

“গত পাঁচ বছরেও এ সমস্যার সমাধান হয়নি। আমাকে সুযোগ দিন। আগ্রাবাদের দুঃখ জলাবদ্ধতা চিরতরে বিদায় করে দেব।”

গণসংযোগের সময় নাছিরের সঙ্গে ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ইফতেখার উদ্দিন, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সফর আলী প্রমুখ।  

সোমবার সকালে নগরীর কর্ণেল হাটে শাহ সুফী মাইনুদ্দিন শাহ’র মাজার জিয়ারত শেষে সিডিএ আবাসিক এলাকা, ইশান মহাজন সড়ক, কর্ণেল হাট দাশ পাড়া, হরিদাস পাড়া, ধোপা পাড়া, ইছহাক বাজার, কালী বাড়ি, কাট্টলী মাদ্রাসা রোড, কর্ণেল জোনস সড়ক, হালিশহর ও আই ব্লক এলাকায় গণসংযোগ করেন নাছির।