বিদায়ে-বরণে সাজবে কর্ণফুলী তীর, শিরিষ তলা
নানা বর্ণিল আয়োজনে কর্ণফুলী নদীর তীরে এবং ঐতিহ্যবাহী ডিসি হিল ও শিরিষ তলায় পুরনো বছরকে বিদায় জানিয়ে নববর্ষ বরণের প্রস্তুতি নিয়েছে চট্টগ্রামবাসী।
সোমবার বিকালে কর্ণফুলী নদীর অভয় মিত্র ঘাটে বর্ষ বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করে ‘তারুণ্যের বৈশাখ‘।
আয়োজনের মধ্যে ছিল গান, নাচ, আবৃত্তি ও আড্ডা। সেখানে নদী তীরে দাঁড়িয়ে সমবেতরা বছরের শেষ সূর্যের বিদায় দেখেছেন।
বছরের শেষ দিনমনির দেখা পেতে অনেক নগরবাসী ভিড় জমিয়েছিলেন পতেঙ্গা সমুদ্র সৈকতেও। তবে আকাশে মেঘের আনাগোনা বাগড়া দিয়েছে তাদের প্রত্যাশায়।
মঙ্গলবার সকালে নগরীর সিআরবিতে শিরিষ তলায় ‘নববর্ষ উদযাপন পরিষদের’ আয়োজনে বর্ষবরণের অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে সাতটায়।
বেহালার সুরে শুরু হওয়া অনুষ্ঠানে সাংস্কৃতিক উদীচী, বোধন ও তারুণ্যের উচ্ছ্বাসসহ বেশ কয়েকটি সংগঠন।
সকাল সাড়ে ৮টায় শিরিষ তলায় পাকা মঞ্চ ও পাহাড়ের গায়ে গ্যালারির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রেল মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী।
সকাল ৯টায় নগরীর চারুকলা ইন্সটিটিউট থেকে বের হবে মঙ্গল শোভাযাত্রা।
এবারের শোভাযাত্রায় থাকছে হাতি-ঘোড়া-বাঘের প্রতিকৃতি। গত কয়েকদিন ইন্সটিটিউটের শিক্ষার্থীরা ব্যস্ত ছিলেন ফুল-পাখি আর মুখোশের প্রতিকৃতি তৈরির কাজে।
সোমবার বিকালেও চৈত্র সংক্রান্তিকে বিদায় জানিয়ে শোভাযাত্রা করে চারুকলার শিক্ষার্থী ও শিক্ষকরা।
সোমবার নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে বর্ষ বিদায় র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
মঙ্গলবার সকাল ৮টায় জেলা প্রশাসনের আয়োজনে নগরীর সার্কিট হাউজ থেকে শোভাযাত্রা শুরু হবে। যাবে শিল্পকলায়।
শিল্পকলায় নতুন বছরের শুরুর দিনে পান্তা-ইলিশের আপ্যায়নের আয়োজন করেছে জেলা প্রশাসন, থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। দুপুর দুইটায় কারাগার, হাসপাতাল ও এতিমখানায় জেলা প্রশাসনের উদ্যোগে খাবার বিতরণ করা হবে।
নগরীর ডিসি হিলে বর্ষ বিদায় ও বরণের আয়োজন করেছে ‘সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ।’
সোমবার বিকাল ৪টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় এ আয়োজন।
নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দুই দিনের আয়োজন করেছে ‘চট্টগ্রাম উৎসব ও বর্ষবরণ পরিষদ’।
সোমবার বিকালে শহীদ মিনারে শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজন শুরু হয়।
বাওয়া স্কুল প্রাঙ্গণে ‘বাংলা বর্ষ বিদায় ও বরণ সম্মিলন পরিষদ’র মঙ্গলবারের আয়োজন শুরু হবে বিকালে। রবীন্দ্র-নজরুল-ডিএল রায়, অতুল প্রসাদ এবং লালন ও বাউল গানে সাজানো হয়েছে আয়োজন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল সাড়ে ৮টায় হবে বর্ষবরণ র্যালি। জারুল তলায় উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা চলবে সকালে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে নাটক ও গান থাকবে সাংস্কৃতিক আয়োজনে।
দুপুর বেলা মুক্তমঞ্চে বলি খেলা এবং বুদ্ধিজীবী চত্বরে কাবাডি ও বৌ চি খেলার আয়োজন করা হয়েছে; থাকবে পুতুল নাচও।
