ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
গাইবান্ধা সদরে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার লক্ষ্মীপুর ইউনিয়নের উজিরধরনী রেল গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহবুব মিয়া (২৫) উজিরধরনী পশ্চিমপাড়া গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে।
গাইবান্ধা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-সহকারী পরিদর্শক মো. আনোয়ার হোসেন জানান, সকালে মাহবুবুর মোটরসাইকেলে করে বাড়ি থেকে লক্ষ্মীপুর বাজারে যাচ্ছিলেন।
উজিরধরনী এলাকার ‘অরক্ষিত’ রেল গেইটটি পার হওয়ার সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা শান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে যান তিনি।
হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় গাইবান্ধা বোনারপাড়া রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।
