দুদল ডাকাতের সংঘর্ষ: গুলিবিদ্ধ যুবক আটক
কক্সবাজারের টেকনাফ উপজেলায় দুদল ডাকাতের সংঘর্ষের পর গুলিবিদ্ধ একজনকে আটক করেছে পুলিশ।
আটক আবু বক্কর (৩২) উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী বাইল্ল্যাছরা এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টেকনাফ থানার ওসি খন্দকার আতাউর রহমান জানান, সোমবার ভোর ৪টার দিকে বাহারছড়া ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।
সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে বক্করকে আটক এবং একটি দেশি বন্দুক ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে।
ওসি আতাউর জানান, গভীর রাতে বাহারছড়ার বাইল্ল্যাছরা পুরাতনপাড়ার আমির হামজা ঘোনা এলাকায় ডাকাতদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধের কারণে এ সংঘর্ষ হয়।
স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অন্য ডাকাতরা পালিয়ে যায়।
এ সময় পুলিশের তালিকাভুক্ত ডাকাত আবু বক্করকে গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ আটক করা হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
