বিএনপির কোমরে আর সেই জোর হবে না: শেখ হাসিনা
আন্দোলনের নামে নাশকতায় বিএনপি কেবলই ‘শক্তিক্ষয়’ করেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভবিষ্যতে দলটি আর কখনো সরকার হটানোর কথা ভাবতে পারবে বলে তিনি মনে করেন না।
আন্দোলনের নামে যারা মানুষকে পুড়িয়ে মেরেছে, সেই অপরাধীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে আইনশৃঙ্খলাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে রাজশাহীর বিভাগীয় কমিশনার এবং নাটোর ও ফেনী জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।
গত ৫ জানুয়ারি থেকে তিন মাস ধরে বিএনপির অবরোধ-হরতালে নাশকতার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “খালেদা জিয়ার কী অর্জন হয়েছে সেটা আমার জানা নেই। জঘন্য কর্মকাণ্ড করেছেন উনি। মানুষকে এভাবে প্রতিপক্ষ করে, মানুষকে এভাবে কোনো রাজনৈতিক নেতা খুন করতে পারে? এটা আমিও ভাবতে পারি না। কারণ আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড জনগণের স্বার্থে।”
আন্দোলনের নামে নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে ‘বিএনপির শুধু শক্তিই ক্ষয় হয়েছে’ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
বিএনপি নেত্রী খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, “জনগণকে খুন করে তার কী অর্জন? উনাকে কোর্টেও যেতে হয়েছে। সারেন্ডার করতে হয়েছে। আবার ঘরেও ফিরে যেতে হয়েছে। আওয়ামী লীগ কিন্তু বহাল তবিয়তেই আছে।
“আশা করি ভবিষ্যতে আর কোমরে এত জোর হবে না যে, আবার সরকার নামানোর কথা চিন্তা করতে পারবে।”
নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যে ৩ জানুয়ারি গুলশানে নিজের কার্যালয়ে অবরুদ্ধ হন খালেদা জিয়া। পরে পুলিশ ব্যারিকেড সরিয়ে নিলেও তিনি কার্যালয়ে অবস্থান চালিয়ে যান।
এর মধ্যে বিশ্ব ইজতেমা ও এসএসসি পরীক্ষার কারণে হরতাল-অবরোধ প্রত্যাহারের আহ্বান জানানো হলেও তাতে সাড়া দেননি খালেদা। একুশে ফেব্রুয়ারি ও ২৬ মার্চে শ্রদ্ধা জানাতেও কার্যালয় থেকে বের হননি তিনি।
টানা কয়েকটি তারিখে আদালতে হাজিরা না দেওয়ায় খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এরপরও তিনি নিজের অবস্থানে অনড় থাকেন।
শেষ পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের আয়োজন শুরু হলে বিএনপির কর্মসূচি শিথিল হয়। খালেদাও গত ৫ এপ্রিল আদালতে গিয়ে জামিন নিয়ে নিজের বাসায় ফিরে যান।
প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, “জঙ্গিবাদ, সন্ত্রাসী কমর্কাণ্ড যারা করেছে, যারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে এবং প্রত্যেক এলাকায় যারা অপরাধে জড়িত, আইনশৃঙ্খলা বাহিনীকে বলব, তাদের খুঁজে খুঁজে বের করতে হবে, তাদের বিচার করতে হবে।”
দেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্যই ‘এ ধরনের অপরাধীদের’ শাস্তি হওয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
নাটোর ও ফেনী জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের বিষয়টি পূর্ব নির্ধারিত হলেও সোমবার প্রধানমন্ত্রী রাজশাহীর বিভাগীয় কমিশনার এবং চাঁপাইনবাবগঞ্জ, ব্রাক্ষ্মণবাড়িয়া ও চাঁদপুরের জেলা প্রশাসকসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের এদিন ভিডিও কনফারেন্সে আসার কথা থাকলেও নির্বাচনী আচরণবিধি লংঘন এড়াতে সরকারপ্রধান তা পরে করার পরামর্শ দেন।
ভিডিও কনফারেন্সের শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, “আমরা দ্রুত উন্নয়ন চাই। আমরা এ দেশকে উন্নত ও সমৃদ্ধ করে গড়ে তুলতে পারব।”
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট এবং ২০০৮ সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দেশের কোনো উন্নয়ন হয়নি মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “গত ছয় বছরে আমরা অন্ধকার যুগ কাটিয়ে এসেছি। আলোর দিকে যাত্রা শুরু করেছি।”
গত ৫ জানুয়ারি থেকে ৯২ দিনে বিএনপি জোটের রাজনৈতিক কর্মসূচিতে নাশকতার ঘটনাকে ‘মানবতাবিরোধী কর্মকাণ্ড’ হিসাবে আখ্যায়িত করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “সরকারে যারা আছেন, যারা জনপ্রতিনিধি- তারা প্রতিরোধ গড়ে তুলেছিলেন বলেই সব আস্তে আস্তে ঠিক হয়েছে।”
প্রতিটি উপজেলায় ‘মিনি স্টেডিয়াম’ নির্মাণের উদ্যোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মাঠকে ‘মিনি স্টেডিয়াম’ করা যাবে না।
“আমার কাছে যে তালিকা এসেছে, তার অধিকাংশই স্কুলের মাঠ বা কলেজের মাঠ। স্কুলের মাঠ বা কলেজের মাঠ খেলার মাঠ হিসাবেই থাকবে। মিনি স্টেডিয়াম হবে নতুন জায়গায়।”
রাজশাহী ও চট্টগ্রামে মেডিকেল বিশ্ববিদ্যালয় করার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ওই দুই বিভাগে যে মেডিকেল কলেজগুলো রয়েছে, সেগুলো থাকবে। মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে আলাদাভাবে।
