২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাসে জামায়াতের আগুন

যুদ্ধাপরাধী মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির প্রতিবাদে ডাকা হরতালে গাজীপুরের শিববাড়ি বাস স্ট্যান্ড এলাকায় বাস ভাংচুর করে পেট্রোল ছিটিয়ে আগুন দিয়েছে জামায়াতকর্মীরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2015, 09:56 AM

Updated : 25 Apr 2022, 01:14 PM

সোমবার সকালে এই হামলার ঘটনায় বাস থেকে লাফিয়ে নামতে গিয়ে আহত হয়েছেন পাঁচ যাত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. শাহীন আলম জানান, সকাল সাড়ে ৬টার দিকে গাজীপুর আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে ১০-১৫ জন যাত্রী নিয়ে পলাশ পরিবহনের বাসটি নবীনগরের দিকে যাচ্ছিল।

“পথে জেলা শহরের শিববাড়ি এলাকায় পৌঁছালে হরতালসমর্থকরা ইট-পাটকেল ছুড়ে বাসের  কাচ ভাংচুর করে। এক পর্যায়ে তারা পেট্রোল ছিটিয়ে বাসে আগুন ধরিয়ে দেয়।”

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নেভায় বলে পরিদর্শক শাহীন জানান।

জামায়াতকর্মীরা আগুন দেওয়ার পর আতঙ্কে বাস থেকে লাফিয়ে নামতে গিয়ে অন্তত পাঁচ যাত্রী আহত হন। তাদের মধ্যে শহীদুল্লাহ (৪৫) ও আবু বকর সিদ্দিক (৬০) নামের দুই যাত্রীকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে আবাসিক চিকিৎসক আব্দুস সালাম সরকার জানান।

স্থানীয় নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান জানান, বাসে আগুন দেওয়ার ওই ঘটনা ছাড়া গাজীপুরে হরতালের তেমন কোনো প্রভাব নেই। সড়কে দূরপাল্লার গাড়ি চলছে। সকাল থেকে বিভিন্ন স্থানে যানজটও দেখা গেছে।

একাত্তরে হত্যা-ধর্ষণের দায়ে গত শনিবার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর করা হয়। 

এর প্রতিবাদে সোমবার সারা দেশে এই হরতাল ডেকেছে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দলটি।