২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনজুরের ক্যাম্পে হামলা: সিএমপিকে তদন্তের নির্দেশ

চট্টগ্রাম নগরীর বায়েজিদে বিএনপিসমর্থিত মেয়র প্রার্থী মনজুর আলমের নির্বাচনী ক্যাম্পে হামলার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নিতে সিএমপি কমিশনারকে নির্দেশ দিয়েছে রিটার্নিং কর্মকর্তা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2015, 09:21 PM

Updated : 22 Aug 2022, 12:04 PM

রোববার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন এক চিঠি দিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল জলিল মণ্ডলকে চিঠি দিয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে তা জানাতে বলেছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বায়েজিদের এ ঘটনায় চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ করার পর এ ব্যবস্থা নেওয়া হয়েছে। 

উন্নয়ন আন্দোলনের প্রার্থী হিসেবে বিএনপির সমর্থন নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মনজুর আলম।

শনিবার বিকালে নগরীর বায়েজিদ থানার শেরশাহ এলাকার বাংলাবাজার এলাকায় ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডে বিএনপিসমর্থিত এক কাউন্সিলর প্রার্থীর ক্যাম্প উদ্বোধনের সময় ছাত্রলীগ সন্ত্রাসীরা হামলা করে বলে অভিযোগ করা হয়।

বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, মেয়র প্রার্থী মনজুর আলমের প্রচারণার জন্য ওই ক্যাম্প করা হয়। 

এদিকে নগরীর ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে জামায়াতসমর্থিত কাউন্সিলর প্রার্থী মাহফুজুল হকের নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত সিএনজি অটোরিকশা আওয়ামী লীগ সমর্থিত মোহাম্মদ হোসেন হিরণের সমর্থকরা ভাংচুর করেছেন বলে যে অভিযোগ উঠেছে তাও তদন্ত করে তিনদিনের মধ্যে ব্যবস্থা নিতে বলেছে রিটার্নিং কর্মকর্তা। 

সহকারী রিটার্নিং কর্মকর্তা শফিকুর রহমান বলেন, মাইকিংয়ের কাজে ব্যবহৃত অটোরিকশা ভাংচুর করায় এ নির্দেশ দেওয়া হয়।

এছাড়া নগরীর ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুরের পোস্টার দেওয়ালে সাঁটানোর অভিযোগ তদন্তের জন্য সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।