চট্টগ্রামে জলাবদ্ধতা নিয়ে শেঠ, সন্ত্রাস-দুর্নীতি ইস্যু মতিনের
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী সোলায়মান আলম শেঠ বন্দর নগরীকে জলাবদ্ধতামুক্ত করে সিটি গর্ভমেন্ট বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন।
আর সন্ত্রাস-দুর্নীতিমুক্ত পরিছন্ন বিশ্বমানের নগরী গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইসলামী আন্দোলন সমর্থিত মেয়র প্রার্থী এম এ মতিন।
রোববার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে নির্বাচনী ইশতেহার ঘোষণার পৃথক অনুষ্ঠানে বিভিন্ন প্রতিশ্রুতির কথা তুলে ধরেন তারা।
চট্টগ্রাম সম্মিলত সচেতন নাগরিক পরিষদের প্রার্থী সোলায়মান তার ঘোষিত ইশতেহারে পাঁচ বছর মেয়াদে মোট ৩৬টি প্রতিশ্রুতি দিয়েছেন।
সোলায়মান শেঠ বলেন, নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে জলাবদ্ধতা নিরসন, প্রতিটি স্কুল-কলেজকে ওয়াইফাই জোনের আওতায় আনা, যানজট নিরসন ও পরিচ্ছন্ন নগরী গড়তে কাজ করব। সিটি গর্ভমেন্ট বাস্তবায়নও অন্যতম প্রধান লক্ষ্য।
এদিকে সুন্নী নাগরিক ঐক্য পরিষদের এই প্রার্থী এম এ মতিনের পক্ষে প্রধান নির্বাচনী এজেন্ট আবদুস সামাদ ইশতেহার ঘোষণা করেন।
সোলায়মান শেঠের পাঁচ বছরের মেয়াদে প্রতিটি বছরের আলাদা কর্ম পরিকল্পনা নির্ধারণ করা হয়েছে।
প্রথম বর্ষের পরিকল্পনায় আছে- জলাবদ্ধতা নিরসনে দখল খাল-নালা-জলাশয় উদ্ধার ও সংস্কার, ফুট ওভার ব্রিজ নির্মাণ, সিটি গর্ভমেন্ট রুপান্তরের প্রক্রিয়া শুরু, সন্ত্রাস-মাদক-চাঁদাবাজমুক্ত নগরী গড়া এবং নতুন করারোপ না করাসহ ১০টি লক্ষ্য।
দ্বিতীয় বর্ষে বর্জ্য ব্যবস্থাপনায় গাড়ি কেনা ও রি-সাইক্লিং প্ল্যান্ট স্থাপন, যানজট নিরসনে ফ্লাইওভার নির্মাণ, সেবা সংস্থার সড়ক খোড়াখুড়ি বিষয়ে যৌথ পরিকল্পনা গ্রহণ, মা ও শিশু স্বাস্থ্য সেবা নিশ্চিত করাসহ সাতটি লক্ষ্যে কাজ করবেন শেঠ।
তৃতীয় বর্ষে সিটি করপোরেশনের আয় বৃদ্ধিতে প্রকল্প গ্রহণ, ফুটপাত অবৈধ দখলমুক্ত করা, মেট্রোরেল চালুর পরিকল্পনা গ্রহণ, নিজস্ব বিদ্যুৎ উৎপাদন প্রকল্প ও স্বাস্থ্য সম্মত সেনিটেশন গড়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
চতুর্খ বর্ষে অনলাইন হেল্প ডেস্ক চালু, হেলদি সিটি গড়ে তোলা, সৌন্দর্য বর্ধন, পর্যটন নগরী গড়ে তোলা এবং বিদ্যালয়-কলেজ ওয়াইফাই জোনের আওতায় আনার লক্ষ্য ধরা হয়েছে।
শেষ বছরে বিলবোর্ড অপসারণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন করা এবং পোশাক শ্রমিকদের আবাসনে গার্মেন্টস পল্লী গড়ে তুলতে কাজ করতে চান মেয়র প্রার্থী সোলায়মান শেঠ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাগরিক পরিষদের সদস্য সচিব তপন চক্রবর্তী, জাতীয় পার্টির নেতা নাছির উদ্দিন ছিদ্দিকী, এম এ সাত্তার প্রমুখ।
এদিকে এম এ মতিনের ইশতেহারে জলাবদ্ধতা নিরসনে সাতটি কার্যক্রমের প্রতিশ্রুতি দেওয়া হয়।
এর মধ্যে আছে- ড্রেনেজ মাস্টার প্লেন অনুসারে তিনটি খাল খনন, কর্ণফুলীর বেড়ি বাঁধ সংস্কার, প্রধান খালগুলোতে স্লুইস গেট নির্মাণ, নতুন জলাধার নির্মাণ ও চাক্তাই খাল দখলমুক্ত করা।
নগরীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাই সাইকেল রোড নির্মাণ, মেট্রো রেল সার্ভিস চালু, আন্ডার পাস ও ওভার পাস নির্মাণসহ সাতটি প্রতিশ্রুতি দেয়া হয়।
ডিজিটাল চট্টগ্রাম গঠনে নগরীর ব্যবসা কেন্দ্র, নগর ভবন এবং সিটি করপোরেশন পরিচালিত কলেজ-বিশ্ববিদ্যালয়ে ওয়াইফাই জোনের আওতায় আনা হবে।
দরিদ্র জনগোষ্ঠীর জন্য দুঃস্থ ও সাহায্য তহবিল গঠন, সুবিধা বঞ্চিত পরিবারে সুপেয় পানি সরবরাহ এবং পাঁচ হাজার নারী-দিনমজুর-হকার ও হকারকে বিনা সুদে ঋণ দেয়ার প্রতিশ্রুতিও করা হয়।
নগরীর গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে বায়োগ্যাস প্ল্যান্ট ও সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনাও জানানো হয় ইশতেহারে।
এছাড়া সর্বোচ্চ একশ ইউনিট বিদ্যুৎ ব্যবহারকারীদের বিদ্যুৎ বিল সিটি করপোরেশন থেকে পরিশোধ, রাতে বর্জ্য অপসারণ, প্রতি ওয়ার্ডের সড়ক সংস্কার, তৃতীয় লিঙ্গ-প্রতিবন্ধী ও নারীবান্ধব পাবলিক টয়লেট স্থাপন, রিকশার ড্রাইভিং লাইসেন্স ফি মওকুফ এবং পুনর্বাসন কর্মসূচির ঘোষণা আছে এম এ মতিনের ইশতেহারে।
পাশাপাশি নিরক্ষরতা শূন্যের কোঠায় নামিয়ে আনা, পাঁচশ শয্যার বিশেষায়িত হাসপাতাল স্থাপন, নগরীকে চারটি অঞ্চলে ভাগ করে সবার চিকিৎসা সেবা নিশ্চিত করা পাহাড় কাটা বন্ধ, বিলবোর্ড অপসারণ, পলিখিন ব্যবহার নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দেয়া হয়।
এম এ মতিন বলেন, দুর্নীতি সকল উন্নতির অন্তরায়। সেজন্য দুর্নীতি-সন্ত্রাস ও মাদকমুক্ত নগরী গড়তে চাই।
“ভোটার ভাইবোনেরা কারো কথায় প্রলোভনে না পড়ে বিবেকের সিদ্ধান্তে ভোট দেবেন। নির্বাচিত হলের আদর্শ নগরী গড়তে কাজ করব।”
