২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনজুর চট্টগ্রামকে ‘টক কমলা লেবুতে’ পরিণত করেছেন: হাছান মাহমুদ

চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র প্রার্থীর প্রতীক নিয়ে কথার লড়াই শুরু করেছেন আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2015, 10:37 PM

Updated : 22 Aug 2022, 12:04 PM

শুক্রবার মনজুর আলমের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর দিনে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ‘কমলা লেবু’ প্রতীক নিয়ে স্লোগান দেন, “কমলা লেবু তিতা নয়, মিষ্টি না হলে টক হয়।”

এর পরদিনই শনিবার নগরীর লালখান বাজার এলাকায় গণসংযোগে গিয়ে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, গত পাঁচ বছরে মনজুর আলম চট্টগ্রামকে ‘টক কমলা লেবু’তে পরিণত করেছেন।

“তিন বারের সফল মেয়র মহিউদ্দিন চৌধুরীর আমলে চট্টগ্রাম ছিল সুন্দর ও পরিচ্ছন্ন একটি শহর। দেশ ‍ছাড়িয়ে বিদেশেও তার নগর পরিচালনার সুনাম ছড়িয়ে পড়েছিল।“

হাছান মাহমুদ বলেন, কিন্তু সেই চট্টগ্রামে এখন হাঁটা দায়। জলাবদ্ধতা ও দূষণের কবলে পড়ে এই নগরীর অবস্থা এখন নাজুক। বিগত পাঁচ বছরে মনজুর আলম সুন্দর-পরিচ্ছন্ন-স্বাস্থ্যকর নগরীকে টক কমলা লেবুতে পরিণত করেছেন।

“এই অবস্থা থেকে নিস্তার পেতে আগামী ২৮ এপ্রিল ‍হাতি মার্কায় ভোট দিয়ে আ জ ম নাছির ভাইকে জয়যুক্ত করুন। চট্টগ্রামে তার বিকল্প নেতৃত্ব আর হতে পারে না।”

প্রচারণার সময় হাছান মাহমুদের সঙ্গে ছিলেন নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, চাকসুর সাবেক জিএস আজিম উদ্দিন, যুবলীগ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম শাহীন, লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সিদ্দিক আহমদ, সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম প্রমুখ।