২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট দলের সংবর্ধনা: আগাম প্রস্তুতি না থাকায় যানজট

বিকল্প পথের বিষয়ে আগাম নির্দেশনা না থাকায় বিশ্বকাপ ক্রিকেটে সফল জাতীয় দলের সংবর্ধনা অনুষ্ঠানের  দিন রাজধানীর একটি বড় অংশজুড়ে যানজট তৈরি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2015, 09:16 PM

Updated : 12 Oct 2022, 03:32 PM

শনিবার দুপুর আড়াইটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়।

শুরুর বেশ আগেই মানিক মিয়া অ্যাভিনিউসংলগ্ন সড়কটি বন্ধ করে দেওয়ায় যানজটে নাকাল হতে হয়েছে নগরবাসীকে।

এই অনুষ্ঠানের কারণে জনগণের দুর্ভোগ এড়াতে বিকল্প পথের বিষয়ে নগর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নগরবাসীকে আগে থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

দুপুরে পর থেকেই এই সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ায় ধানমণ্ডি, মোহাম্মদপুর, কল্যাণপুর থেকে ফার্মগেইট, মহাখালী ও শাহবাগগামী যাত্রীরা দীর্ঘ যানজটে পড়েছেন।

মোহাম্মদপুর ও ধানমণ্ডি থেকে গুলশান-মহাখালীগামী যানবাহনগুলোকে কল্যাণপুর থেকে ইউটার্ন নিয়ে আগারগাঁওয়ের লিংক রোড ব্যবহার করতে হয়েছে।

একে তীব্র গরম, তার উপরে দীর্ঘ যানজট- দুইয়ে মিলে ভোগান্তির যেন শেষ নেই। অফিসে যাওয়ার পথে যানজটে পড়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ বদরুল আহসান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অফিস যাবার পথ পাচ্ছি না, দুটি বড় পথ বন্ধ। ক্রিকেট সংবর্ধনা স্টেডিয়ামে হয় না কেন?”

বেলা ১টার দিকে মহাখালীতে নিজ কর্মস্থলে আসছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রিড়া বিভাগের জেষ্ঠ্য সহ-সম্পাদক রুবেল আবিদ।  মানিক মিয়া এভিনিউ বন্ধ থাকায় ঘুর পথে আসতে হয়েছে তাকে।

আবিদ বলেন, “মোহাম্মদপুর থেকে লেগুনাতে করে মহাখালী রওনা হই। আসাদ গেইট আসার পরে রাস্তা বন্ধ দেখে লেগুনাটি কলেজ গেইট দিয়ে প্রধানমন্ত্রী বাসভবনের পেছনের রাস্তা ব্যবহার করে। আসাদগেইট থেকে কলেজগেইট আসতেই সময় লাগে প্রায় পৌনে এক ঘণ্টা।”

সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে আগে থেকে নগরবাসীকে বিকল্প রাস্তার বিষয়ে নির্দেশনা না দেওয়ায় রাখা নগরবাসীর ভোগান্তি হয়েছে বলে অভিযোগ করেন অনেকে।

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা শহরে এমনিতেই যানজট, তার উপরে যদি বিকল্প ব্যবস্থা না রেখে এভাবে কোনো গুরুত্বপূর্ণ সড়ক আটকে দেওয়া হয় তাহলে প্রশাসনের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন আসাটাই স্বাভাবিক।

“ভিআইপি গেলে রাস্তা বন্ধ করে দেবেন, মন্ত্রী গেলে বন্ধ করবেন, জনসভার জন্য বন্ধ করবেন, সংবর্ধনার জন্য করবেন তাহলে সাধারণ মানুষের জন্য কি করলেন?”

এবিষয়ে তেজগাঁও জোনের উপ-ট্রাফিক কমিশনার রাজীব দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মানিক মিয়া এভিনিউ একটি গুরুত্বপূর্ণ সড়ক। এটি বন্ধ হয়ে গেলে স্বাভাবিকভাবেই জনগণের ভোগান্তি বাড়বে। কিন্তু আমরা কি করবো বলেন, আমরা তো নির্দেশ পালন করি।”

নগরবাসীর ভোগান্তি এড়াতে পূর্ব-প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আয়োজকদের পক্ষ থেকে আমাদের বলা হয়েছিল, তারা একটি লেন ব্যবহার করবে। অন্য লেন দিয়ে গাড়ি চলাচল করবে। কিন্তু মানুষের চাপ বেড়ে যাওয়ায় পুরো সড়কটিই বন্ধ করে দিতে হয়।

“এ কারণে মিরপুর রোডের যানবাহনগুলোকে ডাইভারসন সড়ক ব্যবহার করতে বলা হয়। স্বাভাবিক অবস্থাতেই এ সড়কটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়ক তাই যানজট সৃষ্টি হয়। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি পরিস্থিতি স্বাভাবিক রাখার।”