২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দ্য ববস’ প্রতিযোগিতায় অনলাইনে ভোট শুরু

ডয়চে ভেলের অনলাইন অ্যাক্টিভিজম অ্যাওয়ার্ড ‘দ্য ববস’এর একাদশ আসরের চূড়ান্ত প্রতিযোগীদের জন্য অনলাইনে ভোটাভুটি শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2015, 04:32 AM

Updated : 22 Aug 2022, 12:04 PM

ডয়চে ভেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার ১৪টি ভাষায় ৭০ জন প্রতিযোগীর মধ্যে হবে চূড়ান্ত প্রতিযোগিতা। এর মধ্যে ভাষাভিত্তিক ১৪টি বিভাগে পাঠকের ভোটে নির্ধারিত হবেন ‘পিপলস চয়েস’ অ্যাওয়ার্ড বিজয়ীরা।

একজন পাঠক প্রতিটি ক্যাটাগরিতে ২৪ ঘণ্টায় একবার ভোট দিতে পারবেন। আর সবচেয়ে বেশি ভোট যিনি পাবেন, তিনিই হবেন ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’ বিজয়ী৷

আর তিনটি মিশ্র ক্যাটাগরিতে চূড়ান্ত বিজয়ী নির্ধারিত হবে জুরিদের ভোটে। আগামী জুনে জার্মানির বন শহরে  ডয়চে ভেলে গ্লোবাল মিডিয়া ফোরামে ‘জুরি অ্যাওয়ার্ড’ বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।

জুরি অ্যাওয়ার্ডের জন্য মিশ্র ভাষা ক্যাটাগরিতে সামাজিক পরিবর্তন বিভাগে এবার বাংলা ভাষার প্রতিনিধিত্ব করছেন ব্লগার রাফিদা আহমেদ বন্যা, যার স্বামী লেখক-ব্লগার অভিজিৎ রায় সম্প্রতি ঢাকায় জঙ্গি কায়দায় হামলায় নিহত হন।

এছাড়া শিল্প ও সংবাদমাধ্যম বিভাগে শিল্পী ও কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য্য এবং গোপনীয়তা ও তথ্য সুরক্ষা বিভাগে এবার বাংলার প্রতিযোগী টেকটিউনস।

আর ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ডে’ বাংলা ভাষার প্রতিযোগীতায় আছে ‘শাম্মী হকের ফেইসবুক পাতা’, ‘আরিফ আর হোসেনের ফেইসবুক পাতা’, ‘হাজারদুয়ারী’, ‘আওয়াজ দিয়ে যাই’ ও ‘টুনস ম্যাগ’৷

এ বিভাগে ভোট দেওয়া যাবে ৩ মে পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও সামহোয়্যার ইন ব্লগ এ প্রতিযোগিতার মিডিয়া পার্টনার।