পুলিশের উপর ‘শিবিরের’ হামলা, আসামি ছিনতাই
জয়পুরহাট সদরে পুলিশের উপর শিবিরকর্মীরা হামলা চালিয়ে একাধিক মামলার আসামি জামায়াত নেতাকে ছিনিয়ে নিয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলায় মীরগ্রাম চৌমুহনী এলাকার এ ঘটনায় ডিবি পুলিশের ওসি মাহফুজুর রহমানসহ আহত পাঁচজনকে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত অন্যরা হলেন, ডিবি পুলিশের এসআই আব্দুর রহিম, এএসআই জাহাঙ্গীর হোসেন, সেলিম হোসেন ও কনস্টেবল জাফর আলী।
পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টার দিকে আমদই ইউনিয়ন জামায়াত নেতা শাহ আলমকে সদরের হাটুভাঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পরে তাকে থানায় নিয়ে আসার পথে মীরগ্রাম চৌমুহনী এলাকায় পৌঁছলে শতাধিক ‘শিবিরকর্মী’ লাঠিসোটা ও হাঁসুয়া নিয়ে পুলিশের উপর অতর্কিত হামলা চালিয়ে শাহ আলমকে ছিনিয়ে নেয়। এতে ‘শিবিরকর্মীদের’ হামলায় পাঁচ সদস্য পুলিশ আহত হন।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬ রাউন্ড গুলি ছুঁড়লে শিবিরকর্মীরা পালিয়ে যায়।
শাহ আলম বিএনপির জোটের ডাকা অবরোধসহ বিভিন্ন সময়ে দায়ের করা একাধিক নাশকতার মামলার আসামি বলে জানান পুলিশ সুপার নজরুল।
