ছাত্রলীগ নেতার বাড়ি থেকে শিবির সভাপতি গ্রেপ্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক ছাত্রলীগ নেতার বাড়ি থেকে কয়েকটি মামলার আসামি ছাত্রশিবির নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে পূর্ণিমাগাতি ইউনিয়নের এ অভিযান চালানো হয়।
পরে দুজনকেই পৃথক মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
এরা হলেন উল্লাপাড়া উপজেলা (উত্তর) ছাত্র শিবিরের সভাপতি রেজাউল করিম এবং উপজেলার পূর্ণিমাগাতি ইউনিয়নের স্থানীয় ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান।
উল্লাপাড়া মডেল থানার এএসআই আব্দুল জলিল জানান, বিকাল সাড়ে ৫টার দিকে পূর্ণিমাগাতি ইউনিয়নের স্থানীয় ছাত্রলীগ নেতা হাবিবুর রহমানের বাড়িতে ঘুমন্ত অবস্থায় রেজাউলকে গ্রেপ্তার করা হয়।
একই সময় হাবিবুরকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
এএসআই জলিল আরও জানান, রেজাউল করিমের নামে পুলিশের গাড়িতে বোমা হামলাসহ নাশকতার অভিযোগে দেড় ডজন মামলা রয়েছে।
এছাড়া হাবিবুরের নামেও থানায় মামলা আছে।
সন্ধ্যায় আদালতে হাজির করা হলে দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয় বলে জানান এএসআই জলিল।
