চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়া, পানিতে কলিফর্ম
চাঁপাইনবাবগঞ্জ শহরে ব্যাপক আকারে ডায়রিয়া ছড়িয়ে পড়েছে।
পৌরসভার সরবরাহ করা পানিতে ডায়রিয়ার জীবাণূ ‘কলিফর্ম’ থাকার কথা নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।
গত ২৪ ঘণ্টায় অন্তত দেড়শ ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সফিকুল ইসলাম জানান, দেড়শ শয্যার আধুনিক সদর হাসপাতালে ডাররিয়া ওয়ার্ডে শয্যা রযেছে মাত্র ১০টি। ফলে অনেক ডায়রিয়া রোগীকে বারান্দায় বেডে থেকে চিকিৎসা নিতে হচ্ছে।
জেলার সিভিল সার্জন ডা. মো. আলাউদ্দিন জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সরবরাহ করা পানির নমুনা সংগ্রহ করে ঢাকার মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিরাময় ও গবেষণা কেন্দ্রের পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
তিনি জানান, আধুনিক সদর হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন মজুদ রয়েছে এবং স্বাস্থ্যকর্মীরা ডায়রিয়া প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির জন্য কাজ করছেন।
চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র আব্দুল মতিন বলেন, ডায়রিয়া প্রতিরোধে পৌর কর্তৃপক্ষ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ শুরু করেচে এবং পানি ফুটিয়ে খাওয়ার জন্য প্রচারণা চালানো হচ্ছে।
পাশাপাশি পৌরসভার পানির পাইপ পরিষ্কার কার্যক্রম শুরু করা হয়েছে বলেও তিনি জানান।
