সালাহ উদ্দিনের স্ত্রীর আবেদনের রায় বুধবার
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করতে তার স্ত্রীর আবেদনে হাই কোর্ট যে রুল দিয়েছিল, তার রায় হবে আগামী বুধবার।
বৃহস্পতিবার এ বিষয়ে শুনানি শেষে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ রায়ের এই দিন ঠিক করে দেন।
সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ ও খন্দকার মাহবুব হোসেন।রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো.বশির উল্লাহ।
শুনানিতে মওদুদ আহমেদ একটি ‘স্বাধীন কমিটি বা কমিশন’ গঠন করে ও ঘটনার তদন্তের আবেদন জানান।
তিনি বলেন, “একটি কমিটি গঠন করে দেন তদন্ত ও তাকে খুঁজে বের করার জন্য। উই বিলিভ, হি ইজ এলাইভ, ভেরি মাচ এলাইভ।”
অন্যদিকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির রুল খারিজের আবেদন জানিয়ে বলেন, ৪৯১ ধারায় করা আবেদনটি ‘চলতে পারে না’।
“আইন-শৃঙ্খলা বাহিনী আমাকে আজও অবহিত করেছে, তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। চেষ্টার কোনো ত্রুটি নেই।”
গত ১৫ মার্চ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইন-শৃঙ্খলা বাহিনীর পাঁচটি প্রতিবেদন ও দুটি পুলিশ ডায়েরি আদালতে উপস্থাপন করেন। সালাহ উদ্দিনের আইনজীবীদের আবেদনে অ্যাটর্নি জেনারেল এসব প্রতিবেদনের সত্যায়িত অনুলিপিও জমা দেন।
তার উপস্থাপিত তথ্যে দেখা যায়, যে বাসা থেকে সালাহ উদ্দিন আহমেদকে ‘তুলে নেওয়ার’ অভিযোগ করেছে পরিবার, সেখানে খুঁজে এসে রায়হান নামে এক ব্যক্তির অবস্থান ও চলে যাওয়ার তথ্য পাওয়ার কথা বলেছে পুলিশ।
সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদের অভিযোগ, গত ১০ মার্চ রাতে উত্তরার ওই বাসা থেকে তার স্বামীকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশের সদস্যরা। ‘নিখোঁজ’ হওয়ার আগে ফোন করে তাকে বিষয়টি জানানোরও চেষ্টা করেন এই বিএনপি নেতা।
স্বামীর খোঁজ চেয়ে পরদিন রাতে গুলশান থানা ও উত্তরা থানায় জিডি করতে চাইলেও পুলিশ তা নেয়নি বলে অভিযোগ করেন হাসিনা।
এরপর গত বৃহস্পতিবার তিনি হাই কোর্টে গেলে আদালত রুল জারি করে। সালাহ উদ্দিনকে কেন খুঁজে বের করে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হবে না- সরকারকে তা ১৫ মার্চের মধ্যে জানাতে বলা হয়।
এরপর বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে আদালতে প্রতিবেদন পাঠানো হয়। তাতে বলা হয়, পুলিশের কোনো শাখা এই বিএনপিকে আটক বা গ্রেপ্তার করেনি। তার কোনো খোঁজও তারা পায়নি।
স্বামীর খোঁজে প্রধানমন্ত্রীর কাছেও দুই দফা স্মারকলিপি দিয়েছেন সালাহ উদ্দিনের স্ত্রী। প্রধানমন্ত্রীর সাক্ষাৎও চেয়েছেন তিনি।
