চাঁদপুরে ৯ জেলের এক মাসের দণ্ড
চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা ও কারেন্ট জালসহ নয় জেলেকে আটক করেছে নৌ-পুলিশ।
রাতে আটকের পরে বৃহস্পতিবার সকালে তাদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোশারফ হোসেন জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ওই নয় জেলেকে আটক করা হয়।
তাদের কাছ থেকে ১০ মণ জাটকা, ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় নয়টি নৌকাও জব্দ করা হয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন- আব্দুল কাদের, ইমন, বিল্লাল হোসেন, জয়নাল আবেদী, মামুন, সেলিম মোল্লা, মো. মোস্তফা, মো. ফরহাদ ও মো. লোকমান হোসেন। সবাই চাঁদপুরেরর বিভিন্ন এলাকার বাসিন্দা।
চাঁদপুর নৌ-পুলিশ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করেন চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল মোহাম্মদ রাশেদ।
জব্দ করা জাটকাগুলো অসহায় ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।
