মুন্সীগঞ্জে ভূমি কর্মকর্তা বরখাস্ত
সঠিক সময়ে নামজারি না করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জ সদর পৌর ভূমি অফিসের সহকারী কর্মকর্তা কুতুব উদ্দিনকে বরখাস্ত করা হয়েছে।
একই সময়ে উপ-ভূমি সহকারী কর্মকর্তা দেলওয়ার হোসেন ও অফিস সহায়ক আব্দুল কাদিরকে শোকজ করা হয়।
বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ভূমি অফিস পরিদর্শনকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসককে এ নির্দেশ দেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
প্রতিমন্ত্রীর ভূমি অফিস পরিদর্শনকালে সেখানে কোনো কর্মচারী উপস্থিত ছিল না বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারাবান তাহুরা।
ইউএনও জানান, ভূমি প্রতিমন্ত্রী ও জেলা প্রশাসক ভূমি অফিসে যাওয়ার আধা ঘন্টা পর সহকারী ভূমি কর্মকর্তা কুতুব উদ্দিন, উপ-ভূমি সহকারী কর্মকর্তা দেলওয়ার হোসেন ও অফিস সহায়ক আব্দুল কাদির অফিসে আসেন।
এ ঘটনায় প্রতিমন্ত্রী তাদের অফিসে দীর্ঘ সময় অনুপস্থিত ও অফিস খালি রেখে যাওয়ার কারণ জানতে চাইলে সংশ্লিষ্টরা কোনো সদুত্তর দিতে পারেননি বলে জানান শারাবান তাহুরা।
