জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার বরখাস্ত
আইন অমান্য ও দায়িত্বে অবহেলার অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তরের উপ-রেজিস্ট্রার মো. সোলায়মান সিকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয় থেকে এ সংক্রান্ত একটি পত্র ইস্যু করা হয় বলে জানান রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোলায়মান সিকদার ভাইস-চ্যান্সেলরের অনুমোদন ছাড়া টাঙ্গাইলের ভুয়াপুর লোকমান ফকির মহিলা কলেজে অধ্যক্ষ নিয়োগে সিদ্ধান্তমূলক পত্র প্রস্তুত করে তা ইস্যু করার জন্য ফাইল উপস্থাপন করেন, যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সংবিধি-৮ এর পরিপন্থী।
এ অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে ওই বিষয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।
জবাব সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মাহফুজ আল-হোসেন।
সোলায়মান সিকদার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি এলাকা বাসিন্দা। তিনি এক বছর আগে ওই পদে নিয়োগ পান।
