২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাপাতিসহ দুই যুবককে পুলিশে দিল জাগরণকর্মীরা

শাহবাগে ‘সন্দেহজনক’ ঘোরাঘুরির সময় চাপাতিসহ দুই জনকে আটক করে পুলিশে দিয়েছে গণজাগরণ মঞ্চের কর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2015, 08:07 PM

Updated : 12 Oct 2022, 03:31 PM

বুধবার বিকেলে ওই দুই যুবককে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

তবে তাদের দুই জনের নাম-পরিচয় আটকরা হলেন- মো. আব্দুল্লাহ (১৮) ও জুয়েল রানা (১৮)।

দুই দিন অপেক্ষার পর কামারুজ্জামানের বিরুদ্ধে দেওয়া আপিল বিভাগের রায়ের অনুলিপি বিকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়।

এই রায় কার্যকরের দাবিতে রোববার বিকাল থেকেই শাহবাগে অবস্থান করছেন গণজাগরণ কর্মীরা। এরই মধ্যেই সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে নিজেদের মিছিলে থাকা ওই দুই যুবককে আটক করা হয়।

মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা মিছিল শুরুর আগেই তারা ঘোরাফেরা করছিল। সেটি আমাদের মঞ্চের কর্মীরা চিহ্নিত করে রেখেছিল। মিছিল শুরুর পর ওরা আমার কাছে আসছিল। এ সময় তাদের ব্যাগে তল্লাশি চালিয়ে চাপাতি পাওয়া যায়।”

Image
ছবি: ফেইস বুক

ছবি: ফেইস বুক

ব্লগার আরিফ জেবতিক তার ফেইসবুক পাতায় ওই দুই যুবকের ছবিসহ একটি স্ট্যাটাসও দিয়েছেন।

তিনি লিখেছেন, “আশাকরি পুলিশ নিজে ধরতে না পারলেও এভাবে বাবুর হত্যাকারীদের ধরে দেওয়া বা আজকে এই দুইজনকে ধরে দেওয়ার পরে অন্তত তারা এই চাপাতি বিদ্যার পর্দার আড়ালের লোকদেরকে ধরার ব্যাপারে একটু তৎপর হবে।”

গত ৩০ মার্চ রাধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের বেগুনবাড়িতে অনলাইন অ্যাক্টিভিস্ট ওয়াশিকুর রহমান ওরফে বাবুকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে তিন মাদ্রাসাছাত্র। পরে জনতা ধাওয়া করে দুই জনকে আটক করে পুলিশে দেয়।

এর আগে ২৬ ফেব্রুয়ারি শাহবাগে একই কায়দায় খুন করা হয় ব্লগার ও লেখক অভিজিৎ রায়কে।

রমনা জোনের সহকারী কমিশনার শিবলী নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুটি ছুরিসহ ওই দুইজনকে আটক করা হয়েছে।”